জগন্নাথপুরে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেপ্তার

post-title

ছবি সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুরে বোনের বিয়ের দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে ব্যবসায়ী নাজিম উদ্দিন (৪৮) হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মাছুম মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) ভোরে মৌলভীবাজারের কুলাউড়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ওই দিনই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার মাছুম মিয়া জগন্নাথপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের লুদরপুর গ্রামের মৃত মাসুক মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর (শুক্রবার) লুদরপুর লম্বাহাটি গ্রামের বাসিন্দা মৃত গিয়াস উদ্দিনের ছেলে ব্যবসায়ী নাজিম উদ্দিনের বোন মরিয়ম বেগমের বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়ের আগে নাজিম নিজে সরাসরি না গিয়ে বোনদের মাধ্যমে প্রতিবেশী মৃত মাসুক মিয়ার ছেলেদের দাওয়াত পাঠান। সরাসরি দাওয়াত না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে তারা বিয়েতে অংশ নেওয়া থেকে বিরত থাকেন।

এরই জেরে পরদিন সকালে অভিযুক্তরা নাজিম উদ্দিনের পরিবারের সদস্যদের বসতঘরে আটকে রেখে তালা ঝুলিয়ে দেয়। নাজিম সে সময় তার মুদি দোকানে অবস্থান করছিলেন। একপর্যায়ে মাছুম, মামুন, মঞ্জু ও মুবিনসহ ১০ থেকে ১২ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে নাজিমের ওপর হামলা চালায়। হামলার সময় মামুন সুলফি দিয়ে আঘাত করলে নাজিম মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে অভিযুক্তরা তার বুকের ওপর উঠে অমানবিক নির্যাতন ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে পালিয়ে যায়।

স্থানীয় এলাকাবাসী  ও স্বজনরা তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত নাজিম উদ্দিনের পরিবারের পক্ষ থেকে ২০ অক্টোবর জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা (মামলা নং-১০, জিআর নং-১৭৯, ধারা- ১৪৩/৪৪৭/৩২৩/৩০২/১১৪/৫০৬/৩৪ পেনাল কোড) দায়ের করা হয়। মামলার পরপরই আসামিদের গ্রেফতার অভিযানে নামে পুলিশ। জগন্নাথপুর থানা পুলিশ কুলাউড়ায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় প্রধান আসামি মাছুম মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  নুর হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। এই হত্যা মামলার বাকি পলাতক আসামিদের গ্রেফতার করতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

এসএ/সিলেট