সিলেট সীমান্তে বিজিবির অভিযান, ২৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

post-title

ছবি সংগৃহীত

সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৪ অক্টোবর) সিলেট-৪৮ বিজিবির আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির (বিওপি) সদস্যরা অভিযান চালিয়ে ২৪ লাখ ২৩ হাজার ৮১০ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেন।

বিজিবি জানায়, সিলেটের বাংলাবাজার, লাফার্জ, পান্থুমাই, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, সোনারহাট ও ডিবিরহাওর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ভারতীয় মদ, শাড়ী, কম্বল, গরু, টমেটো, ফুচকা, সাবান, বিভিন্ন ধরনের ফল, চুইংগাম, চিনি, কিসমিস ও আলু জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে বিপুল পরিমাণ শিং মাছ আটক করতে সক্ষম হন বিজিবি সদস্যরা।

সিলেট-৪৮ বিজিবির অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্তে অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

এসএ/সিলেট