কানাইঘাটে বারকি নৌকা থেকে ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার

post-title

ছবি সংগৃহীত

সিলেটের কানাইঘাটে সুরমা সেতুর নিচে পুলিশের মাদকবিরোধী অভিযানে একটি ইঞ্জিনচালিত বারকি নৌকা থেকে ৯০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা ব্যক্তিরা নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যান।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (৮ নভেম্বর) কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই নিয়াজ মোহাম্মদ শরীফ, এএসআই রাসেল মিয়া ও এএসআই পারভেজ মিয়াসহ পুলিশের একটি দল অংশ নেয়।

অভিযানকালে কানাইঘাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নন্দিরাই এলাকায় সুরমা সেতুর নিচে একটি ইঞ্জিনচালিত বারকি নৌকা আটক করার চেষ্টা করে পুলিশ। এ সময় নৌকায় থাকা ব্যক্তিরা নৌকাটি ফেলে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যান।

পরে নৌকাটি তল্লাশি করে প্রতি বোতলে ৩৭৫ মিলিলিটার ধারণক্ষমতার ৯০ বোতল অফিসার্স চয়েজ মদ উদ্ধার করা হয়।

এ ঘটনায় পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে কানাইঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এসএ/সিলেট