হৃদয়ের ব্যাটে হার এড়াল বাংলাদেশ, ১-০ ব্যবধানে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

post-title

ছবি সংগৃহীত

সিলেট টেস্টে তাওহিদ হৃদয়ের রেকর্ড গড়া ব্যাটিংয়ে হার এড়িয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অপরাজিত ২৪২ রানের অবিশ্বাস্য ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসেও ৮২ রান করেন এই ব্যাটসম্যান।

দুই ইনিংস মিলিয়ে ৩২৪ রান করে এক টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়েছেন তিনি। তবে ম্যাচ ড্র হলেও ওয়েস্ট ইন্ডিজের কাছে ১-০ ব্যবধানে সিরিজ হেরেছে স্বাগতিকরা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (৯ নভেম্বর) সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিনের খেলা ড্রয়ের মধ্য দিয়ে শেষ হয়। ম্যাচ জিতে সিরিজ ড্র করতে হলে বাংলাদেশকে কঠিন লক্ষ্য তাড়া করে রেকর্ড গড়তে হতো। তবে সেই পথে না গিয়ে দায়িত্বশীল ব্যাটিংয়ে হার এড়ানোর চেষ্টা করেন তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিমরা।

প্রথম ইনিংসে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করে সঙ্গীর অভাবে অপরাজিত থেকে যান হৃদয়। দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে ধারাবাহিকতা ধরে রাখেন তিনি। তার ৮২ রানের ইনিংসে বাংলাদেশ ম্যাচ বাঁচানোর পথে এগিয়ে যায়।

চতুর্থ ইনিংসে বাংলাদেশের সামনে ৭৮ ওভারে ৩৬৯ রানের লক্ষ্য দেয় ওয়েস্ট ইন্ডিজ। কঠিন এই লক্ষ্য তাড়া করে জয়ের চেষ্টা না করে ম্যাচ বাঁচানোর কৌশল নেয় স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৫৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৪ রান করে বাংলাদেশ। এরপর আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই খেলা বন্ধ হয়ে যায়। ফলে ড্র হয় ম্যাচটি।

শেষ দিন সকালে ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৩ রান যোগ করে ওয়েস্ট ইন্ডিজ। এরপর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩৯৮ রান তুলে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। দিনের শেষভাগে আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ায় সকালের দিকে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ঘোষণায় দেরি করার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠতে পারে।

বাংলাদেশের মাটিতে ২০২২ সালের মে মাসের পর এই প্রথম কোনো টেস্ট ম্যাচ ড্র হলো। মাঝের সাড়ে চার বছরে দেশের মাটিতে অনুষ্ঠিত ১৮টি টেস্টের সবকটিতেই ফল এসেছিল। এবার ড্র হলেও সিরিজটি ১-০ ব্যবধানে জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্য দিয়ে বাংলাদেশের মাটিতে টানা দ্বিতীয় সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করল ক্যারিবীয়রা।

এই ম্যাচে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি তাওহিদ হৃদয়ের ব্যাটিং। মিরপুর টেস্টে দুই ইনিংসেই ব্যর্থ হওয়ার পর সিলেটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান তিনি। প্রথম ইনিংসে অপরাজিত ২৪২ রানের পর দ্বিতীয় ইনিংসে করেন ৮২ রান।

দুই ইনিংস মিলিয়ে ৩২৪ রান করে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে এক টেস্টে ৩০০-এর বেশি রান করার কীর্তি গড়েন হৃদয়। এর আগে এক ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল মুমিনুল হকের দখলে। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে এক টেস্টে ১৭৬ ও অপরাজিত ১০৫ রানসহ মোট ২৮১ রান করেছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

এদিকে, ১-০ ব্যবধানে সিরিজ জয়ের পর খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক রোস্টন চেজের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। পরে তিনি ম্যাচসেরা তাওহিদ হৃদয় এবং সিরিজসেরা জোমেল ওয়ারিক্যানের হাতে প্রাইজমানি তুলে দেন।

এসএ/সিলেট