সিলেট জেলা প্রশাসনের অভিযান

বোরহানির বোতলে কাঁচা মাংসের রক্ত, মিস্টার কাচ্চিকে লাখ টাকা জরিমানা

post-title

ছবি সংগৃহীত

বোরহানির বোতলে লেগে ছিল কাঁচা মাংসের রক্ত। সেই বোতলের বোরহানিই পরিবেশন করা হচ্ছিল ক্রেতাদের। ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে রাখা হয়েছিল রান্না করা খাবার ও বোরহানি।

এ ছাড়া পাওয়া গেছে মেয়াদোত্তীর্ণ মুগডাল। এমন নানা অনিয়মের দায়ে সিলেট নগরীর আখালিয়ার ‘মিস্টার কাচ্চি ঘর’ নামের একটি রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪টার দিকে নগরের আখালিয়ার ভার্সিটি গেট এলাকায় জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এসব অনিয়ম ধরা পড়ে।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল আলম। পরে নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

নিরাপদ খাদ্য অফিসার সৈয়দ সারফরাজ হোসেন জানান, মিস্টার কাচ্চি ঘরের দুটি ফ্রিজই নোংরা ও অস্বাস্থ্যকর অবস্থায় পাওয়া যায়। ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে রান্না করা খাবার ও বোরহানি একসঙ্গে রাখা হয়েছিল। কাঁচা মাংসের সঙ্গে রাখা বোরহানির বোতলের গায়ে রক্ত লেগে ছিল। সেই বোরহানি সরাসরি ক্রেতাদের পরিবেশন করা হচ্ছিল।

তিনি আরও জানান, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন বোরহানি তৈরি ও বিক্রি করা হচ্ছিল। অভিযানে মেয়াদোত্তীর্ণ মুগডালও পাওয়া যায়। এ ছাড়া প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় অনুমোদনপত্র ছিল না। রেস্টুরেন্টের ভেতরের পরিবেশও ছিল অস্বাস্থ্যকর। খাদ্যকর্মীদের প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রীর ঘাটতিও পাওয়া গেছে।

নিরাপদ খাদ্য অফিসার সৈয়দ সারফরাজ হোসেনের সার্বিক সমন্বয়ে পরিচালিত অভিযানে সিলেট সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আব্দুল মুমিতসহ পুলিশ ও ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসএ/সিলেট