প্রাথমিকেই শিক্ষার্থী ঝরে পড়ার কারণ খুঁজতে হবে: সিউক চেয়ারম্যান

post-title

ছবি সংগৃহীত

প্রাথমিক পর্যায়েই শিক্ষার্থীদের ঝরে পড়ার হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। শিক্ষার্থীদের ঝরে পড়ার প্রকৃত কারণ চিহ্নিত করে তা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

তাঁর মতে, বর্তমান সরকার শিক্ষার্থীদের জন্য নানা সুযোগ-সুবিধা বাড়ালেও কেন তারা বিদ্যালয় থেকে ঝরে পড়ছে, তা খুঁজে বের করার দায়িত্ব শিক্ষকদেরও নিতে হবে।

বৃহস্পতিবার নগরীর দর্শনদেউড়ি জালালাবাদ এলাকার আব্দুল গফুর ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন সিউক চেয়ারম্যান। পরে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থী ঝরে পড়ার হার নিয়ে নিজের উদ্বেগের কথা তুলে ধরেন তিনি।

কয়েস লোদী বলেন, সিলেটে প্রাথমিক পর্যায়েই শিক্ষার্থীদের ঝরে পড়ার প্রবণতা উদ্বেগজনক। এর পেছনে একক কোনো কারণ নেই। অর্থনৈতিক সংকট, সামাজিক দৃষ্টিভঙ্গি ও শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন সীমাবদ্ধতা এর জন্য দায়ী হতে পারে। কিন্তু এসব কারণ চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে সমস্যার সমাধান হচ্ছে না, ব্যাহত হচ্ছে শিক্ষার অগ্রগতি।

তিনি বলেন, বিগত ১৭ বছরের ফ্যাসিস্ট সরকার দেশের শিক্ষাখাতকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। তখন পাসের হার বেশি দেখাতে গিয়ে মানসম্মত শিক্ষার মান একেবারে তলানিতে পৌঁছে গিয়েছিল। বর্তমান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ জন্য বাজেটে জিডিপির ২ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে, পর্যায়ক্রমে তা আরও বাড়ানো হবে। শিক্ষাখাতের টেকসই উন্নয়নে এই বাজেটের যথাযথ সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অপচয় যেন না হয়, সেদিকেও সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে শিক্ষাব্যবস্থায় ব্যাপক পরিবর্তন ঘটেছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ন্যানোটেকনোলজির মতো বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষতিকর দিকগুলো সম্পর্কেও সবাইকে সতর্ক থাকতে হবে।

শিক্ষার্থী ঝরে পড়া রোধ প্রসঙ্গে তিনি বলেন, একজন শিক্ষকের দায়িত্ব শুধু শ্রেণিকক্ষে পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের পারিবারিক ও আর্থিক পরিস্থিতি সম্পর্কেও খোঁজখবর রাখা তাঁদের দায়িত্ব। বিদ্যালয়ে ভর্তি হওয়ার পর কোনো শিক্ষার্থী নিয়মিত ক্লাসে না এলে কিংবা হঠাৎ অনুপস্থিত থাকলে তার কারণ অনুসন্ধান করতে হবে। শুধু সরকারের উদ্যোগে এ সমস্যার সমাধান সম্ভব নয়। এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

পরিদর্শনকালে সিউক চেয়ারম্যান বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে শিক্ষক ও বিদ্যালয়ের এডহক কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন এডহক কমিটির সভাপতি জিয়াউল হক, সদস্য মিজানুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কমিটির সদস্যসচিব মো. আতিকুর রহমান, সিনিয়র শিক্ষক মো. জিয়াউর রহমান, সহকারী শিক্ষক ও এডহক কমিটির সদস্য মো. হানিফ মিয়াসহ বিদ্যালয়ের শিক্ষকরা।

এসএ/সিলেট