জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অভিযান : ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

post-title

ছবি সংগৃহীত

সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, বিড়ি, প্রসাধনসামগ্রী, সুপারি, জিরা ও চা পাতা। এসব পণ্যের মোট সিজারমূল্য ১৫ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, শনিবার (৩১ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহলদল কানাইঘাট উপজেলার সিংগারখাল এলাকায় অভিযান চালায়।

সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৫৫টি ভারতীয় শাড়ি, ৩ হাজার ৩৬০ প্যাকেট পাতার বিড়ি ও ৬৪টি নিভিয়া লোশন জব্দ করা হয়। এসব পণ্যের সিজারমূল্য ১১ লাখ ৩ হাজার ৮০০ টাকা।

একই দিন ডোনা বিওপির একটি টহলদল কানাইঘাট উপজেলার মিকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ভারতীয় সুপারি জব্দ করে। সীমান্ত থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে জব্দ করা সুপারির সিজারমূল্য ২৪ হাজার টাকা।

এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে সুরাইঘাট বিওপির আরেকটি টহলদল সোনাতনপুঞ্জি এলাকায় অভিযান চালায়। সীমান্ত থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে ৩৬০ কেজি ভারতীয় জিরা ও ৭০ কেজি চা পাতা জব্দ করা হয়। এসব পণ্যের সিজারমূল্য ৪ লাখ ৬৭ হাজার টাকা।

বিজিবি জানায়, তিনটি অভিযানে জব্দ করা পণ্যের মোট সিজারমূল্য ১৫ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




এসএ/সিলেট