নগরীতে ঝটিকা মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ৩ কর্মী গ্রেপ্তার

post-title

ছবি সংগৃহীত

নগরীতে ঝটিকা মিছিলের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে শাহপরাণ (রহ.) থানা পুলিশ।

এ সময় তাঁদের কাছ থেকে তিনটি কাঠের বাটাম উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে বাঁশের লাঠি, কাঠের বাটাম, ইটের টুকরো, পোড়া টায়ারের অংশ এবং ককটেল বিস্ফোরণের বিভিন্ন আলামত জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক ২টা ২০ মিনিটে শাহপরাণ থানাধীন খরাদিপাড়া এলাকার আমানউল্লাহ কনভেনশন সেন্টারের সামনে পাকা সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ও তাদের সহযোগীরা সরকারের বিরুদ্ধে ঝটিকা মিছিল নিয়ে বালুচর সড়ক হয়ে টিলাগড় পয়েন্টের দিকে যাচ্ছিলেন।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা বিভিন্ন দিকে পালানোর চেষ্টা করেন। তখন ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের প্রত্যেকের ডান হাতে একটি করে কাঠের বাটাম ছিল।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-মো. মহিন উদ্দিন, মো. মাহিন মিয়া ও মকবুল হোসেন নাহিদ।

মহিন উদ্দিন সুনামগঞ্জ সদর উপজেলার মঙ্গলকাটা এলাকার আলাউদ্দিন ও জহিরুন বেগমের ছেলে। তিনি বর্তমানে সিলেট নগরের শাহপরাণ থানাধীন আরামবাগ এলাকার রাজ্জাক হাজীর বাসার ভাড়াটিয়া। মাহিন মিয়া বালুটিকর দাসপাড়া এলাকার নজরুল ইসলাম ও সানু বেগমের ছেলে। তিনি বর্তমানে শিবগঞ্জের সাদিপুর এলাকায় ফখরুলের বাসায় ভাড়া থাকেন।

অন্যদিকে, মকবুল হোসেন নাহিদ সুনামগঞ্জ সদর উপজেলার ধর্মপাশা শেলবরশ এলাকার আবুল বাসার ও পিয়ারা বেগমের ছেলে। তিনি বর্তমানে আরামবাগ এলাকায় রোকেয়া বেগমের বাসায় ভাড়া থাকেন।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে চারটি বাঁশের লাঠি, আটটি কাঠের বাটাম, ১৫টি ইটের টুকরো, একটি পোড়া টায়ারের অংশ, টায়ার পোড়ানোর ছাই, বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ হিসেবে কয়েকটি কার্ডের টুকরো এবং ককটেল তৈরিতে ব্যবহৃত বিস্ফোরিত একটি টিনের কৌটা উদ্ধার ও জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, সুনামগঞ্জের সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকারের মোবাইল ফোনে দেওয়া নির্দেশনায় মামুন প্রকাশ্যে বুলেট মামুন ও সাজন আহমদের নেতৃত্বে তাঁরা ওই মিছিলে অংশ নেন বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে শাহপরাণ (রহ.) থানায় মামলা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩ ও ৪ ধারায় মামলাটি করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এসএ/সিলেট