কবর ভরাট করে দিল বিক্ষুব্ধ জনতা, রাত ১টায় পুলিশ প্রহরায় মানিক পশারীর দাফন

সাঈদীর মামলার বাদী মানিকের দফন নিয়ে উত্তেজনা, মধ্যরাতে পুলিশ প্রহরায় দাফন

post-title

সংগৃহীত

পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন নিয়ে দিনভর উত্তেজনার পর শনিবার দিবাগত রাত ১টার দিকে পুলিশ প্রহরায় সম্পন্ন হয়েছে।

এর আগে শনিবার দুপুরে গার্ড অব অনার ও নিজ এলাকায় দাফনে বাধা দেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা। একপর্যায়ে তার জন্য খোঁড়া কবরও মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয়। পরে কোনো পুরুষকে কবর খননে পাওয়া না যাওয়ায় তার বোন ও দুই মেয়ে কবর খনন করেন।

মানিক পশারী শনিবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মেয়েজামাইয়ের বাড়িতে মারা যান। পরে গার্ড অব অনার দেওয়ার জন্য তার মরদেহ পিরোজপুর সদর উপজেলা পরিষদ চত্বরে নেওয়া হলে বাধার মুখে পুলিশ লাইনে নিয়ে গার্ড অব অনার দেওয়া হয়।

জামায়াত নেতাদের অভিযোগ, মানিক পশারী ভুয়া মুক্তিযোদ্ধা। তবে সরকারি গেজেটে তার নাম মুক্তিযোদ্ধা হিসেবে থাকায় প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখারুল ইসলাম শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে দাফন নিয়ে উত্তেজনার মধ্যে শনিবার রাতে পাড়েরহাট বন্দরে নাসিম সাঈদীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে প্রশাসনের সহযোগিতায় পুলিশ প্রহরায় নিজ বাড়িতে মানিক পশারীর দাফন সম্পন্ন হয়।

টিএ/ছাতক