জৈন্তাপুরে অস্ত্র ও গুলিসহ দুই ভারতীয় নাগরিক আটক

post-title

ছবি সংগৃহীত

সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর অস্ত্র ও গুলিসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে প্রায় ১৫০ গজ ভেতরে প্রবেশের পর তাদের আটক করা হয়। বুধবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

আটক ব্যক্তিরা হলেন বাতিম তুতা ও টেম্পো। তাদের কাছ থেকে একটি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, দুটি দা ও দুটি ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বিজিবি জানায়, জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী মিনাটিলা এলাকার সীমান্ত পিলার ১২৮২/১০-এস ও ১২৮২/৯-এসের মধ্যবর্তী স্থান দিয়ে ওই দুই ব্যক্তি শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের প্রায় ১৫০ গজ অভ্যন্তরে আনারস বাগান নামক এলাকায় প্রবেশ করেন। এ সময় সেখানে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের কাছ থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে দুই ভারতীয় খাসিয়াকে আটক করা হয়েছে। পরে তাদের জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এসএ/সিলেট