জকিগঞ্জে কুশিয়ারা নদীর ৩০০ ফুট বেড়িবাঁধ বিলীন: নদীভাঙন রোধে স্থায়ী ব্লক নির্মাণের দাবি

post-title

ছবি সংগৃহীত

কহেল রানা চৌধুরী:: সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদীর ভাঙনে বাখরশাল গ্রামের প্রায় ৩০০ ফুট বেড়িবাঁধ নতুন করে নদীগর্ভে বিলীন হয়েছে। বারবার বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও ভাঙন রোধ করা যাচ্ছে না।

সর্বশেষ বাঁধের সংস্কার ও নির্মাণকাজ চলমান অবস্থায় বস্তা ও কাঠের বল্লীসহ নির্মাণসামগ্রী নদীতে তলিয়ে গেছে। এ অবস্থায় গ্রামটি রক্ষায় ব্লক ফেলে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

জকিগঞ্জ সদর ইউনিয়নের বাখরশাল গ্রামে কুশিয়ারা নদীর তীরবর্তী এলাকায় এ ভাঙনের ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, প্রচলিত পদ্ধতিতে বারবার বাঁধ নির্মাণ করেও কোনো স্থায়ী সুফল পাওয়া যাচ্ছে না। প্রতিবারই নদীর স্রোতে নির্মিত বাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন হচ্ছে।

তাঁদের দাবি, বর্তমানে যে পদ্ধতিতে বাঁধ নির্মাণের কাজ চলছে, তাতে নদীভাঙন ঠেকানো সম্ভব নয়। বাখরশাল গ্রামকে রক্ষা করতে হলে ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি ভিত্তিতে ব্লক ফেলে স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করতে হবে।

এলাকাবাসী জানান, নদীভাঙন অব্যাহত থাকলে গ্রামের বসতভিটাসহ গুরুত্বপূর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। তাই গ্রামটির অস্তিত্ব ও এলাকার ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

এ অবস্থায় স্থানীয় সংসদ সদস্য, পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং পানিমন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এনির দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। তাঁরা অনতিবিলম্বে বাখরশাল এলাকায় ব্লক ফেলে টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এসএ/সিলেট