কানাইঘাটে দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক...
সিলেটের কানাইঘাটে বিশেষ অভিযান চালিয়ে দেড় বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সুরইঘাট...
ইমাম সমিতি সিলেট জেলার ইমাম সম্মেলন ও ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
ছবি সংগৃহীত
ইমাম ও মুয়াজ্জিনদের কল্যাণে বর্তমান সরকার কাজ করতে দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, ইমামরা সমাজের নেতা।
তাঁরা মানুষকে সত্য ও সুন্দরের পথে পরিচালিত করেন। তবে অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে অনেক সময় তাঁদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়। সরকার তাঁদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।
শনিবার (৭ নভেম্বর) নগরীর নাইওরপুলের হোটেল ফরচুন গার্ডেনে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার ইমাম সম্মেলন ও ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘সামাজিক সম্প্রীতি, সুশাসন এবং দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় করণীয়’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ সম্মেলনে সিলেট জেলার প্রায় আড়াই শতাধিক ইমাম অংশ নেন।
সমিতির জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা জালাল উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এমএ মালিক, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল প্রফেসর মাওলানা মাহমুদুল হাসান, সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের চেয়ারম্যান মাওলানা হাবীবুর রহমান, শাহজালাল ডি ওয়াই কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি আবুসালেহ মো. কুতুবুল আলম, হযরত শাহজালাল (রহ.) দরগাহ মাদ্রাসার মুহাদ্দিস ও নাযিমে তালীমাত মাওলানা আতাউল হক জালালাবাদী, বিএনপি সিলেট মহানগরের সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন এবং বিশিষ্ট লেখক, গবেষক ও গ্রন্থকার মো. জসীম উদ্দিন খন্দকার।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাওলানা শাহ মোহাম্মদ নজরুল ইসলাম। এ ছাড়া বক্তব্য দেন মারভেলাস হজ্ব কাফেলার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নজরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য এমএ মালিক বলেন, অর্থনৈতিক সুশাসন ও বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও নৈতিক জাগরণ প্রয়োজন। ইমামরা সমাজের সম্মানিত পথপ্রদর্শক হিসেবে সততা, ন্যায়পরায়ণতা ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের বার্তা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পারেন।
প্রধান বক্তা মাওলানা শাহ মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, দেশের প্রতিটি মসজিদের মিম্বর নৈতিকতা ও সুশাসনের শিক্ষা দেওয়ার গুরুত্বপূর্ণ ক্ষেত্র। দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় ইমামদের ঐক্যবদ্ধ হতে হবে। হক কথা বলা এবং অন্যায়ের প্রতিবাদ করা আলেম সমাজের ঐতিহাসিক দায়িত্ব। এ সময় তিনি ইমাম সমাজের পক্ষ থেকে বেশ কয়েকটি দাবি তুলে ধরেন।
সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, পরিচ্ছন্ন, দুর্নীতিমুক্ত ও সুশৃঙ্খল নগরী গড়ে তুলতে ধর্মীয় নেতাদের নৈতিক প্রভাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নাগরিক অধিকার রক্ষা এবং সামাজিক অসংগতি দূর করতে সিটি করপোরেশন ওলামায়ে কেরামের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী।
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, পরিকল্পিত ও টেকসই নগর উন্নয়নের পাশাপাশি মননশীল সমাজ গঠনে নৈতিক শিক্ষার প্রসার জরুরি। উন্নয়নের সুফল মানুষের কাছে পৌঁছে দিতে সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল প্রফেসর মাওলানা মাহমুদুল হাসান বলেন, যুগোপযোগী ও নৈতিক নেতৃত্ব তৈরিতে মাদ্রাসাশিক্ষা এবং মসজিদের মিম্বরের ভূমিকা গুরুত্বপূর্ণ। সমাজে সুশাসন প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মকে নৈতিকতার পথে ফিরিয়ে আনতে ইমাম ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রশাসন ও ধর্মীয় নেতৃত্বের পারস্পরিক সহযোগিতায় সমাজ থেকে অপরাধ ও দুর্নীতি নির্মূল করা সহজ হয়। জনসচেতনতা বৃদ্ধি, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক কার্যক্রমে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইমাম সমাজকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের চেয়ারম্যান মাওলানা হাবীবুর রহমান বলেন, মানবসেবা ও ইসলামি অনুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে কল্যাণমূলক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শাহজালাল ডি ওয়াই কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি আবুসালেহ মো. কুতুবুল আলম বলেন, কোরআন ও সুন্নাহর শিক্ষা মানুষের মধ্যে সুশাসন ও ইনসাফ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নৈতিক অবক্ষয় রোধ এবং তরুণ সমাজকে বিপথগামিতা থেকে রক্ষা করতে ইমাম ও শিক্ষকদের আরও সক্রিয় হতে হবে।
হযরত শাহজালাল (রহ.) দরগাহ মাদ্রাসার মুহাদ্দিস ও নাযিমে তালীমাত মাওলানা আতাউল হক জালালাবাদী বলেন, দেশ ও জাতির কল্যাণে আলেম সমাজ সবসময় হক ও ন্যায়ের পথে কাজ করে আসছে। রাষ্ট্র ও সমাজে সুশাসন প্রতিষ্ঠায় দুর্নীতিমুক্ত নেতৃত্ব প্রয়োজন।
বিএনপি সিলেট মহানগরের সভাপতি নাসিম হোসাইন বলেন, গণতন্ত্র, মানুষের মৌলিক অধিকার ও সুশাসন প্রতিষ্ঠার জন্য দুর্নীতিমুক্ত সমাজ অপরিহার্য। এ ক্ষেত্রে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শক্তির বিকল্প নেই।
বিশিষ্ট লেখক, গবেষক ও গ্রন্থকার মো. জসীম উদ্দিন খন্দকার বলেন, সমাজের সংকটময় মুহূর্তে ধর্মীয় নেতারা গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়ে থাকেন। গবেষণালব্ধ জ্ঞান এবং ইসলামের সাম্য ও ইনসাফের বাণী প্রচারের মাধ্যমে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ইমামদের ভূমিকা আরও জোরদার করতে হবে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সমিতির জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন। তিনি সমিতির জন্য খাসজমি বরাদ্দ দিয়ে ইমাম কমপ্লেক্স নির্মাণ, পাঁচটি অ্যাম্বুলেন্স প্রদান এবং ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের চাকরি জাতীয়করণসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী আব্দুল বাছিত। বিগত বছরের প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মাওলানা জালাল উদ্দিন ভূঁইয়া এবং আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন জেলা শাখার অর্থ সম্পাদক মাওলানা আকমল হোসাইন। শেষে মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সহসভাপতি মাওলানা আশরাফ আলী মিয়াজানী।
সম্মেলনের দ্বিতীয় পর্বে আগামী তিন বছরের জন্য বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার নতুন কমিটি নির্বাচন করা হয়। এতে সভাপতি হিসেবে মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন, সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা জালাল উদ্দিন ভূঁইয়া এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মাওলানা আবুল বাশার নির্বাচিত হন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মাওলানা শাহ মোহাম্মদ নজরুল ইসলাম। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট জালাল উদ্দিন ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সিলেট ব্যুরোপ্রধান সাংবাদিক আব্দুল কাদের তাপাদার। পুনর্নির্বাচিত সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন নবগঠিত কমিটির সদস্যদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন।
এসএ/সিলেট