লালদিঘীরপার নতুন হকার্স মার্কেটে আগুন, পুড়ল দুই ব্যবসাপ্রতিষ্ঠান

post-title

ছবি সংগৃহীত

নগরীর লালদিঘীরপার নতুন হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল পুড়ে গেছে। রোববার (৮ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে মার্কেটের ১ নম্বর গলিতে টেপন ব্রাদার্স ও খান এন্টারপ্রাইজে এ আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

স্থানীয়রা জানান, দোকানে আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে তাঁরা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে দুটি প্রতিষ্ঠানের বিভিন্ন মালামাল পুড়ে যায়।

টেপন ব্রাদার্সের ব্যবসায়ী রিপন জানান, শীত মৌসুমকে সামনে রেখে দোকানে শীতকালীন খেলাধুলার বিভিন্ন সরঞ্জাম তুলেছিলেন তিনি। প্রতিদিনের মতো শনিবার রাতেও দোকান বন্ধ করে বাসায় যান। সকালে এসে দেখেন, আগুনে তাঁর দোকানের মালামাল পুড়ে গেছে। একই অগ্নিকাণ্ডে খান এন্টারপ্রাইজ নামের আরেকটি ব্যবসাপ্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে তাঁদের প্রায় ৭০ থেকে ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কুতুব উদ্দিন জানিয়েছেন, দুই ব্যবসায়ীর ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৪ লাখ টাকা। পাশাপাশি ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রমে প্রায় ১৫ লাখ টাকার মালামাল রক্ষা করা হয়েছে।

মো. কুতুব উদ্দিন বলেন, সকালে লালদিঘীরপার এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।




এসএ/সিলেট