কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা, সীমান্তে হত্যা বন্ধ ও চোরাচালান বন্ধে জোর

post-title

ছবি সংগৃহীত

কানাইঘাট উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

কমিটির সভাপতি নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নতি করা সহ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, সীমান্ত হত্যা বন্ধ এবং মাদকের বিরুদ্ধে ব্যাপক সচেতনতা নিয়ে সভায় ব্যাপক আলোচনা করা হয়। পাশাপাশি গুজব, নাশকতা প্রতিরোধ, নারী-শিশু নির্যাতন প্রতিরোধ, লোভাছড়া কোয়ারী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন, পাথর পরিবহন বন্ধ এবং হাট-বাজারগুলোর যানজট নিরসন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সরকারি সম্পদ উদ্ধার, শীত মৌসুমে হাওর এলাকায় অশ্লীল যাত্রাগান বন্ধ নিয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনা করা হয়।

সভায় আইন-শৃঙ্খলা কমিটির অনেক সদস্য বলেন, কানাইঘাটের সীমান্তবর্তী এলাকায় চোরাচালান কোন অবস্থায় কমছে না। চলতি মাসে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে কানাইঘাটের দুই যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। ভারতীয় অস্ত্রধারী খাসিয়ারা তাদেরকে গুলি করে হত্যা করেছে। অবৈধভাবে যাতে কেউ ভারতে যেতে না পারে এজন্য চোরাচালান প্রতিরোধের পাশাপাশি বিজিবিকে আরো সক্রীয়ভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস বলেন, সীমান্ত এলাকায় কোন অবস্থাতেই হত্যাকান্ড আমাদের কারো জন্য কাম্য নয়। এজন্য যাতে কেউ ভারতে অনুপ্রবেশ করতে না পারে বিজিবিকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে, কেউ অনুপ্রবেশের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ সহ চোরাচালানের মালামাল আটকের পর নিয়মিত মামলা করার জন্য বিজিবি’র প্রতি নির্দেশনা দেন। সেই সাথে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভায় বিজিবির সকল ক্যাম্পের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিত থাকার নির্দেশ দেন। মাদকের আগ্রাসন বন্ধে প্রতিটি ইউনিয়ন ও শিক্ষা-প্রতিষ্ঠানে নিয়মিত ভাবে সচেতনতা মূলক সভা করার জন্য সভায় উপস্থিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দের প্রতি নির্বাহী কর্মকর্তা। সেই সাথে তিনি সব ধরনের অপরাধমূলক কর্মকান্ড বন্ধে থানা পুলিশকে আরো সক্রীয় ভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। বিশেষ করে সদ্য অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা কানাইঘাটে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ার জন্য তিনি থানা পুলিশ, বিজিবি ও জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।

সভায় থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সোনাতনপুঞ্জি এলাকায় সিএনজি চালক শাহাব উদ্দিনের হত্যাকারীদের গ্রেফতার করা হয়েছে এবং আইন-শৃঙ্খলার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে থানা পুলিশ কাজ করে যাচ্ছে। সভায় সুরইঘাট বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার জানান, জনবল সংকট থাকার কারনে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি হিমশিম খাচ্ছে। তারপরও বিজিবি প্রতিনিয়ত ভারতীয় চোরাই পণ্য আটক এবং সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ বন্ধে নিষ্ঠার সাথে কাজ করছে। চলতি মাসে ১ কোটি ৮০ লক্ষ টাকার ভারতীয় বিভিন্ন চোরাই পণ্যসামগ্রী আটক করা হয়েছে বলে জানান। 

সভায় বিভিন্ন মতামত তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফও ডাঃ স্বপ্নীল সৌরভ রায়, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. প্রাণ গোপাল হাওলাদার, কৃষি কর্মকর্তা বিশ্বজিৎ রায়, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন, দিঘীরপাড় পূর্ব ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, সাতবাঁক ইউপি চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, বড়চতুল ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক আফসার উদ্দিন আহমেদ চৌধুরী, দক্ষিণ বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান লোকমান আহমদ, ঝিঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। একই দিনে উপজেলা সন্ত্রাস, নাশকতা, গুজব প্রতিরোধ, নারী-শিশু নির্যাতন প্রতিরোধ সহ বিভিন্ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

এসএ/সিলেট