খাদিমপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে নাইট গার্ডের মরদেহ উদ্ধার, আটক ১৩ শ্রমিক

post-title

ছবি : সংগৃহীত

নগরীর খাদিমপাড়ায় একটি নির্মাণাধীন ভবন থেকে ইরফান আলী (৬০) নামে এক নাইট গার্ডের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ভবনে কর্মরত ১৩ জন শ্রমিককে আটক করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে খাদিমপাড়ার ৪ নম্বর রোডের নুর প্যালেস নামের ভবনের চতুর্থ তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইরফান আলী গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের নয়াগ্রামের বাসিন্দা। তিনি প্রায় আড়াই বছর ধরে ওই নির্মাণাধীন ভবনে নাইট গার্ড হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

স্থানীয়রা ভবনের চতুর্থ তলায় তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে শাহপরাণ (রহ.) থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি হাতুড়ি ও একটি রড উদ্ধার করা হয় বলে জানা গেছে।

শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ মরদেহ উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় ১৩ জন শ্রমিককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।  

নাইট গার্ডের মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। 

এসএ/সিলেট