বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সিলেট বিভাগীয় শাখার বস্ত্র বিতরণ

ধর্মীয় সম্প্রীতি আমাদের ঐতিহ্য ও শক্তির জায়গা: সিসিক প্রশাসক

post-title

ছবি : সংগৃহীত

সিলেটের ধর্মীয় সম্প্রীতি আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য। পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌহার্দ্যের মাধ্যমে সব ধর্মের মানুষ এখানে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন।

এই সম্প্রীতি ও সৌহার্দ্য অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

সর্বজনীন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দরিদ্র অসহায়দের মধ্যে বস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

সিসিক প্রশাসক বলেন, শারদীয় দুর্গাপূজা বাঙালির অন্যতম বৃহৎ ধর্মীয় ও সামাজিক উৎসব। এ উৎসবকে আনন্দমুখর ও নির্বিঘ্ন করতে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।

গরের পূজামণ্ডপগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, সড়কবাতি সচল রাখা এবং মশক নিধনসহ প্রয়োজনীয় নাগরিক সেবা নিশ্চিত করতে সিসিকের সংশ্লিষ্ট বিভাগগুলো কাজ করছে।

তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার-এই চেতনা ধারণ করে আমরা একটি সুন্দর ও সম্প্রীতির সমাজ গড়ে তুলতে চাই। দুর্গাপূজাসহ সব ধর্মীয় উৎসব যাতে মানুষ নিরাপদে ও আনন্দের সঙ্গে পালন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। সিলেটের ধর্মীয় সম্প্রীতির যে সুনাম রয়েছে, তা ধরে রাখতে সবাইকে সহযোগিতা করতে হবে।

তিনি আরও বলেন, সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে পারস্পরিক শ্রদ্ধাবোধের কোনো বিকল্প নেই। ধর্মীয় পরিচয়ের ভিন্নতা আমাদের বিভক্ত করে না; বরং সম্প্রীতি ও সৌহার্দ্য আমাদের আরও ঐক্যবদ্ধ করে।

বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সিলেট বিভাগীয় শাখার সভাপতি অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা বেণু ভূষণ দাশের সভাপতিত্বে ও জেলা শাখার সাধারণ সম্পাদক বিনয় ভূষণ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পরিষদের উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, শাবিপ্রবির বাংলা বিভাগের প্রফেসর ড. শরদিন্দু ভট্টাচার্য্য, দৈনিক সিলেটের ডাকের বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক এপেক্সিয়ান চন্দন দাশ, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ন্যাশনাল ব্যাংক ম্যানেজার দীপক কুমার দাশ, পরিষদের সিলেট জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ফণী ভূষণ সরকার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাবিপ্রবির নৃ-বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. সঞ্জয় কৃষ্ণ বিশ্বাস।

অনুষ্ঠানে পবিত্র বৈদিক মন্ত্র পাঠ করেন পরিষদের সাংস্কৃতিক সম্পাদক বাংলাদেশ বেতার শিল্পী প্রদীপ কুমার দে। স্বাগত বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক এমসি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক কানন কান্তি দাশ।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিভাগীয় শাখার সহ সভাপতি অ্যাডেভোকেট বিশ্বনাথ ঘোষ, সাংগঠনিক সম্পাদক সহ অধ্যাপক ইন্দ্রজিৎ রায়, কোষাধ্যক্ষ অব. শিক্ষক নরেশ চন্দ্র রায়, সহ কোষাধ্যক্ষ ডা. প্রণদীশ চন্দ্র দেব সদস্য রূপক চন্দ্র দাশ প্রমুখ। সভায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী প্রদীপ কুমার দে ও তাঁর দল। পরে দেড় শতাধিক দুঃস্থ মহিলা ও পুরুষদের মাঝে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র তুলে দেন অতিথিবৃন্দ।

বক্তারা বলেন, ‘জীবে প্রেম করে যেই জন সেইজন সেবিছে ঈশ্বর। স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা অবলম্বনে সকলকে সেবাধর্মে উজ্জীবিত হওয়ার আহবান জানান।

এসএ/সিলেট