কানিশাইল ও ঘাসিটুলা এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসক

নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে

post-title

ছবি সংগৃহীত

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর কানিশাইল ও ঘাসিটুলা এলাকার নাগরিকদের বিভিন্ন সমস্যা সমাধানে সিটি কর্পোরেশন প্রয়োজনীয় উদ্যোগ নেবে। ঘাসিটুলা কেন্দ্রীয় মসজিদের পাশের ড্রেন প্রশস্ত ও সংস্কার করা হবে।

কানিশাইলে ছড়ার ওপর সেতু নির্মাণের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে, যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে স্কুলে যাতায়াত করতে পারে। পাশাপাশি খেলার মাঠ সংস্কার এবং বন্ধ হয়ে যাওয়া ড্রেনের অংশ পুনর্নির্মাণ করা হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নগরীর কানিশাইল ও ঘাসিটুলা এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় এলাকাবাসী সিসিক প্রশাসকের কাছে এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বিশেষ করে খেলার মাঠের সংস্কার, ছড়ার ওপর সেতু নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং বন্ধ হয়ে যাওয়া ড্রেনের কারণে জলাবদ্ধতাসহ নানা দুর্ভোগের কথা জানান তারা।

এলাকাবাসীর বক্তব্য শুনে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “ঘাসিটুলা ও কানিশাইল এলাকা পরিদর্শন করলাম। এখানে কিছু সমস্যা রয়েছে। ঘাসিটুলা কেন্দ্রীয় মসজিদের পাশের ড্রেনটি প্রশস্ত ও সংস্কার করা হবে। কানিশাইলে ছড়ার ওপর একটি ব্রিজ নির্মাণ করা প্রয়োজন। ব্রিজ না থাকায় শিশুদের স্কুলে যাতায়াতে সমস্যা হয়। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।”

তিনি আরও বলেন, “এলাকার খেলার মাঠটি সংস্কার করা হবে। ড্রেনের একটি অংশ অর্ধেক জায়গায় আটকে গেছে। পুরো ড্রেনটি নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। নগরীর উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে এলাকাবাসীর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজে সবাইকে সঙ্গে থাকার এবং সহযোগিতা করার আহ্বান জানাই।”

তিনি বলেন, নগরীর বিভিন্ন এলাকার সমস্যা সরেজমিনে চিহ্নিত করে পর্যায়ক্রমে সেগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। নাগরিকদের প্রত্যাশা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

এ সময় ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক সাকিব আহমদ, সিলেট মহানগর বিএনপির স্বেচ্ছাসেবক সম্পাদক সেলিম আহমদ, মহানগর বিএনপির সমাজসেবা বিষয়ক সম্পাদক শামীম আহমদ লোকমান, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি নিয়ামত এলাহী, মহানগর যুবদলের সহসাধারণ সম্পাদক মকছুদুল করিম ইমনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসএ/সিলেট