আম্বরখানা মনিপুরী খেলার মাঠ সংস্কারের উদ্যোগ সিউকের

শিশু-কিশোর ও যুবকদের জন্য পরিবেশবান্ধব খেলার মাঠ হিসেবে উন্মুক্ত করার পরিকল্পনা

post-title

ছবি সংগৃহীত

সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের আম্বরখানা সরকারি কলোনি (মনিপুরী) খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)।

এ লক্ষ্যে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী-এর নেতৃত্বে সিউকের একটি প্রতিনিধি দল আম্বরখানা সরকারি কলোনি (মনিপুরী) খেলার মাঠ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে মাঠের বর্তমান অবস্থা, সংস্কারের প্রয়োজনীয়তা ও সম্ভাব্য উন্নয়ন কার্যক্রম নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হয়। একই সঙ্গে শিশু-কিশোর ও যুবকদের খেলাধুলার সুযোগ বৃদ্ধির পাশাপাশি একটি সুন্দর, নিরাপদ ও পরিবেশবান্ধব খেলার মাঠ গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এ সময় সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, শিশু-কিশোর ও যুবসমাজের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। পরিকল্পিত নগরায়নের পাশাপাশি নগরীতে খেলার মাঠ ও উন্মুক্ত স্থান সংরক্ষণে সিউক গুরুত্ব দিয়ে কাজ করবে।

তিনি আরও বলেন, মাঠটির সংস্কার ও উন্নয়নের সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. সাদিউর রহিম জাদিদ, সিলেট গণপূর্ত বিভাগের নির্বাহী পরিচালক মো. আবু জাফর প্রিন্স, সিউকের স্থপতি চন্দন দেওয়ান, আইটি অফিসার আলমগীর হোসেনসহ সিউক ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং এলাকাবাসী।

এসএ/সিলেট