হাওরাঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত উন্মোচনের আশা, উচ্ছ্বসিত শিক্ষার্থী-অভিভাবকসহ সুধীজন

২৫ বছর পর সুনামগঞ্জ সরকারি কলেজে ৬ বিষয়ে মাস্টার্স চালুর উদ্যোগ

post-title

সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার অবসানের পথে সুনামগঞ্জ সরকারি কলেজের উচ্চশিক্ষা কার্যক্রম। অনার্স কোর্স চালুর প্রায় ২৫ বছর পর কলেজটিতে ছয়টি বিষয়ে মাস্টার্স ফাইনাল কোর্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে সুনামগঞ্জসহ দুর্গম হাওরাঞ্চলের শিক্ষার্থীদের স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার নতুন সুযোগ সৃষ্টি হবে। এতে শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২ অক্টোবর ২০২৬ তারিখের এক চিঠিতে সুনামগঞ্জ সরকারি কলেজে মাস্টার্স ফাইনাল কোর্স চালুর লক্ষ্যে অধিভুক্তি ফি জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত ফি জমা ও সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন হওয়ার পর অধিভুক্তির বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

উদ্যোগটি বাস্তবায়িত হলে অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ব্যবস্থাপনা, ইংরেজি, উদ্ভিদবিজ্ঞান ও গণিত—এই ছয়টি বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ তৈরি হবে। ফলে উচ্চশিক্ষার জন্য স্থানীয় শিক্ষার্থীদের অন্যত্র যাওয়ার প্রয়োজন কমবে। একই সঙ্গে সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি যাতায়াতের ভোগান্তিও কমবে বলে আশা করা হচ্ছে।

এ উদ্যোগের পেছনে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলামের অনুপ্রেরণা ও সহযোগিতা এবং সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষক আবদুর রাকিব তারেকের নিরলস প্রচেষ্টার কথা উল্লেখ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার আব্দুল হাই চৌধুরী শানু।

তিনি এ উদ্যোগে সহযোগিতার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান। তাঁর মতে, উদ্যোগটি বাস্তবায়িত হলে সুনামগঞ্জসহ হাওরাঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ আরও সুগম হবে এবং এ অঞ্চলে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার সুযোগ সম্প্রসারিত হবে।

উল্লেখ্য, সুনামগঞ্জ সরকারি কলেজে ২০১৩ সাল থেকে আরও চারটি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে। নতুন ছয়টি বিষয়ে মাস্টার্স ফাইনাল কোর্স চালুর উদ্যোগ বাস্তবায়িত হলে কলেজটির উচ্চশিক্ষার পরিসর আরও বিস্তৃত হবে।

টিএ/ছাতক