সিলেটে সিউকের আয়োজনে বিশ্ব বসতি দিবস–২০২৬ এর সমাপ্তি

সর্বজনীন বাসস্থান ও টেকসই নগরায়ণের বার্তা নিয়ে বিশ্ব বসতি দিবস উদযাপন

post-title

ছবি সংগৃহীত

“সর্বজনীন বাসস্থান–টেকসই নগরায়ণ” প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর উদ্যোগে দুই দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব বসতি দিবস–২০২৬ উদযাপন সম্পন্ন হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বর্ণাঢ্য র‍্যালি, বেলুন উড্ডয়ন, আলোচনা সভা, ইসিপিএস (ECPS) উদ্বোধন, আইডিয়া প্রতিযোগিতা, মডেল প্রদর্শনী ও আলোকচিত্র প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটির মূল আয়োজন শুরু হয়।

দিবসটির দ্বিতীয় ও শেষদিন মঙ্গলবার (৬ অক্টোবর) আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে টেকসই নগরায়ণ ও আবাসন বিষয়ক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে পরিকল্পিত নগরায়ণ, সর্বজনীন আবাসন, পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য নগর গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. খাইরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী ওয়াসিফ আহমেদ, লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন, আর্কিটেক্ট-প্ল্যানার সৈয়দা জেরিনা হোসাইন, আর্কিটেক্ট এআর শাকুর মজিদ এবং সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (সিনিয়র সহকারী সচিব) মো. সাদিউর রহিম জাদিদসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ।

সেমিনারে মুখ্য বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. মোহাম্মদ সাহিদুর রহমান, প্রফেসর ড. মো. নাহিয়ান, প্রফেসর ইফতেখার রহমান ও প্রফেসর ড. মুস্তাক আহমদসহ বিশিষ্টজনেরা।

পরে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী বিশ্ব বসতি দিবস–২০২৬-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

সমাপনী অনুষ্ঠানে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (সিনিয়র সহকারী সচিব) মো. সাদিউর রহিম জাদিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিউক চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী।

প্রধান অতিথির বক্তব্যে সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, “পরিকল্পিত নগরায়ণ, সর্বজনীন আবাসন, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিকদের জন্য নিরাপদ ও বাসযোগ্য নগর গড়ে তোলাই সিউকের মূল লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে তরুণ প্রজন্মসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, বিশ্ব বসতি দিবসের দুই দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে নগরবাসীর মধ্যে পরিকল্পিত নগরায়ণ, টেকসই আবাসন ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। একটি পরিকল্পিত, নান্দনিক, পরিবেশবান্ধব ও পর্যটনবান্ধব সিলেট গড়ে তুলতে সিউকের কার্যক্রম অব্যাহত থাকবে।

দিবসটি উদযাপনে সরকারি বিভিন্ন দপ্তরের পাশাপাশি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও লিডিং ইউনিভার্সিটির পুরকৌশল ও স্থাপত্য বিভাগ, ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি), ইন্সটিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি), ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, সিলেট অ্যাপার্টমেন্ট অ্যান্ড রিয়েল এস্টেট গ্রুপ এবং অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচারাল কনসালটেন্সি ফার্ম যুক্ত ছিল।

এছাড়া নাস হোল্ডিং ভেঞ্চার বিডি লিমিটেড, বার্জার, বিএসআরএম, খাদিম সিরামিক্স ও লাফার্জসহ আবাসন ও নির্মাণ খাতের বিভিন্ন প্রতিষ্ঠান বিশ্ব বসতি দিবসের আয়োজনে অংশগ্রহণ করে।

এসএ/সিলেট