কালী পূজায় পটকা বিক্রি বন্ধের দাবি, জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারকে স্মারকলিপি

post-title

ছবি সংগৃহীত

আসন্ন কালী পূজা উপলক্ষে বিপজ্জনক পটকা বর্জন, এর ক্রয়-বিক্রয় বন্ধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মহানগর।

এ দাবিতে সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন ও সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীমের কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে সংগঠনটির মহানগর শাখার নেতৃবৃন্দ জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের হাতে পৃথকভাবে স্মারকলিপি তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট মহানগর শাখার আহ্বায়ক অর্জুন ঘোষ, সদস্যসচিব উজ্জ্বল রঞ্জন চন্দ, জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক অর্পণ ঘোষ, মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক অঙ্গগ দে, সুব্রত দে সুমিত, দীলিপ কুমার চন্দ, বিশ্বজিৎ সরকারসহ সংগঠনের নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে বলা হয়, আগামী ৮ নভেম্বর রোববার সনাতন ধর্মাবলম্বীদের কালী পূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সিলেট মহানগরীর বিভিন্ন স্থানে, বিশেষ করে মহাজনপট্টি ও বন্দরবাজার এলাকায় প্রকাশ্যে ক্ষতিকর বিস্ফোরক পটকা বিক্রি করা হয়। এসব পটকা সহজেই সাধারণ মানুষের হাতে পৌঁছে যায়, যা জনজীবনে বিরক্তি সৃষ্টি করার পাশাপাশি জননিরাপত্তার জন্যও হুমকি তৈরি করে।

এ অবস্থায় কালী পূজাকে কেন্দ্র করে বিপজ্জনক পটকার বিক্রি ও ব্যবহার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং জনসচেতনতা তৈরির আহ্বান জানিয়েছে সংগঠনটি।

এসএ/সিলেট