মেন্দিবাগে জেলা প্রশাসনের অভিযান : নিপা বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

post-title

ছবি সংগৃহীত

নগরীর মেন্দিবাগে খাদ্যপণ্যের মান ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।  অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য তৈরি, মেঝেতে কাঁচামাল ছড়িয়ে রাখা এবং খাবারে নিম্নমানের তেল ব্যবহারের অভিযোগে নিপা বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে বেকারিটি পরিদর্শনকালে এসব অসংগতি দেখতে পান ভ্রাম্যমাণ আদালত।

পরে বেকারির মালিক অভিযোগ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন সিলেট জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল বাছিত মোল্লা। এ সময় মোবাইল কোর্টে প্রসিকিউশন দিয়ে সহযোগিতা করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সিলেট। অভিযানে সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি দলও উপস্থিত ছিল।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল বাছিত মোল্লা বলেন, খাদ্যপণ্যের মান ও পরিচ্ছন্নতা বজায় রাখতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দায়িত্বশীল হতে হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসএ/সিলেট