সিলেট সীমান্তে সাড়ে ৯ লাখ টাকার পণ্য জব্দ, ৪ মহিষও উদ্ধার

post-title

ছবি সংগৃহিত

সিলেট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মহিষসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা এসব পণ্যের মোট সিজার মূল্য প্রায় ৯ লাখ ৫০ হাজার টাকা বলে জানানো হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে ও শুক্রবার ভোরে সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তের বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করে বিজিবি-১৯ ব্যাটালিয়ন।

বিজিবি জানায়, শুক্রবার ভোর ৪টার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর জৈন্তাপুরের গোয়াবাড়ি বিওপির একটি বিশেষ টহল দল কমলাবাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় চারটি ভারতীয় মহিষ জব্দ করা হয়। মহিষগুলোর সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫০ হাজার টাকা।

অন্যদিকে, কানাইঘাটের সুরইঘাট ও লোভাছড়া বিওপির সদস্যরা পৃথক অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন পণ্য জব্দ করেন। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১৮৩টি নিভিয়া লোশন, ২২৮টি সিগারেট, ২০টি কম্বল ও ১২০ বিড়া খাসিয়া পান। এসব পণ্যের সিজার মূল্য ৪ লাখ ৪০০ টাকা বলে জানানো হয়েছে।

বিজিবি জানিয়েছে, জব্দ করা পণ্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।

এসএ/সিলেট