হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ৩০, টেঁটাবিদ্ধ কয়েকজন

post-title

ছবি সংগৃহীত

হবিগঞ্জ শহরের উমেদনগরে পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। 

তাঁদের মধ্যে টেঁটাবিদ্ধ কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন।

রোববার (১৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে উমেদনগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আহত ব্যক্তি ও স্থানীয় সূত্রে জানা যায়, উমেদনগর এলাকার আফিল মিয়ার গোষ্ঠী ও খানবাড়ির লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিক মামলা রয়েছে।

এসব মামলা ও বিরোধের জেরে শনিবার (১৭ অক্টোবর) এক পক্ষ হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। এরই ধারাবাহিকতায় রোববার বিকেল সাড়ে ৩টার দিকে উভয় পক্ষের লোকজনের মধ্যে প্রথমে তর্কাতর্কি ও হাতাহাতি হয়।

পরে এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় এক ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন নারী-পুরুষ আহত হন।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


এসএ/সিলেট