নগরীতে ৩ লাখ ১৯ হাজার টাকার ভারতীয় টমেটোসহ ট্রাক জব্দ

post-title

ছবি সংগৃহীত

নগরীতে ৩ হাজার ১৯০ কেজি ভারতীয় টমেটোসহ একটি ট্রাক জব্দ করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। জব্দ করা টমেটোর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১৯ হাজার টাকা। এ সময় ট্রাকের চালক, হেলপারসহ তিনজন পালিয়ে যান।

রোববার (১৮ অক্টোবর) ভোররাত ১টা ১৫ মিনিটের দিকে মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা বাজারসংলগ্ন মসজিদ গলির মুখে চেকপোস্ট পরিচালনা চালানো হয়।

এসএমপির মিডিয়া সেল জানায়, এয়ারপোর্ট থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সরওয়ার্দী সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় কোম্পানীগঞ্জ থেকে সিলেট শহরগামী একটি হাইড্রোলিক ট্রাককে থামার সংকেত দেওয়া হয়। তবে চালক পুলিশের সংকেত অমান্য করে প্রায় ২০ গজ দূরে ট্রাকটি সড়কের ওপর রেখে পালিয়ে যান। তাঁর সঙ্গে হেলপার ও আরও একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি পালিয়ে যান।

পরে ট্রাকটি তল্লাশি করে ১৪৫টি প্লাস্টিকের ক্যারেটে রাখা ৩ হাজার ১৯০ কেজি ভারতীয় টমেটো উদ্ধার করা হয়। এ ছাড়া হলুদ রঙের টাটা হাইড্রোলিক ট্রাকটি (রাজবাড়ী-ট-১১-০২৩২) জব্দ করা হয়।

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে এয়ারপোর্ট থানায় মামলা করা হয়েছে। পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এসএ/সিলেট