সিলেটে ডেন্টাল হাব ও বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা হবে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

post-title

ছবি সংগৃহিত


সিলেটের স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং প্রবাসীদের চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে একটি আধুনিক ‘ডেন্টাল হাব’ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, সাশ্রয়ী ও আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে প্রবাসীদের পাশাপাশি বিদেশি রোগীদেরও সিলেটে চিকিৎসা নিতে আকৃষ্ট করা সম্ভব হবে।

শুক্রবার সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের ১২ বছর পূর্তি ও বর্ণাঢ্য পুনর্মিলনী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর উইন্ডসর হোটেলে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-আমিন অ্যাসোসিয়েটস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক রেজাউল হাসান কয়েস লোদী।

বক্তব্যে মন্ত্রী বলেন, নির্বাচনী প্রচারণার সময় সিলেটে ডেন্টাল হাব প্রতিষ্ঠা করা ছিল তাঁর অন্যতম প্রত্যাশা। তুরস্কের ইজমিরে হেয়ার ট্রান্সপ্লান্টের আন্তর্জাতিক বাজার দেখে তিনি এ ধারণা পেয়েছেন। সেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ চুল প্রতিস্থাপনের চিকিৎসা নিতে যান।

তুরস্কের অভিজ্ঞতার কথা উল্লেখ করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ তৈরি হয়। উত্তর আমেরিকা, ইউরোপ ও অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশগুলোতে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি যাতে সিলেটে এসে দাঁতের চিকিৎসাসহ অন্যান্য স্বাস্থ্যসেবা নিতে পারেন, সে লক্ষ্যেই আন্তর্জাতিক মানের ডেন্টাল হাব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, গত ১৮ থেকে ২০ বছরে সিলেটে কাঙ্ক্ষিত মাত্রায় উন্নয়ন হয়নি। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রকল্পের কাজ চলমান রয়েছে। জানুয়ারি নাগাদ এ বিশ্ববিদ্যালয়ের কনসালটেন্ট নিয়োগ সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মন্ত্রী জানান, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ১২০০ শয্যার জেনারেল হাসপাতাল, ২৫০ শয্যার বিশেষায়িত হাসপাতাল এবং ভবিষ্যতে ২০০ শয্যার শিশু হাসপাতাল স্থাপনের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া সিলেট মেডিকেলের ভেতরে ক্যান্সার হাসপাতালের কাজ দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে। ডায়াবেটিস ও কিডনি হাসপাতালের মতো সেবাধর্মী প্রতিষ্ঠানগুলোর সরকারি বরাদ্দ বাড়ানোর কাজও চলছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, ড্যাবের মহাসচিব অধ্যাপক ডা. মোহা. জহিরুল ইসলাম শাকিল এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তফা তৌফিক আহমেদসহ দেশবরেণ্য চিকিৎসক ও বিশিষ্ট ব্যক্তিরা।

মন্ত্রী বলেন, দেশের চিকিৎসা খাতের সার্বিক উন্নয়ন এবং জনগণের দোরগোড়ায় মানসম্মত ডেন্টাল সেবা পৌঁছে দিতে সরকার ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে কেক কেটে প্রতিষ্ঠানের ১২ বছর পূর্তি উদযাপন করা হয়। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল বৈজ্ঞানিক সেমিনার, অ্যালামনাই পুনর্মিলনী, কৃতী শিক্ষার্থী ও চিকিৎসকদের সংবর্ধনা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র‌্যাফেল ড্র।

অনুষ্ঠানে বক্তারা ডেন্টাল শিক্ষার মানোন্নয়ন এবং চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ডেন্টাল কলেজের ১২ বছর পূর্তির আয়োজন শেষ হয়।

এসএ/সিলেট