শাহপরানে ২০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কাভার ভ্যান আটক, গ্রেপ্তার ১

post-title

ছবি সংগৃহীত

সিলেটে ২০ লাখ ১৬ হাজার টাকা মূল্যের ৬৭২টি ভারতীয় কম্বলসহ একটি কাভার ভ্যান আটক করেছে শাহপরান (রহ.) থানা পুলিশ। এ ঘটনায় আসিব মোল্লা (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোর ৪টার দিকে সিলেটের এমসি কলেজের প্রধান ফটকের সামনে পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় এসব কম্বল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শাহপরান (রহ.) থানার এসআই মাইনুল রেজা সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় একটি কাভার ভ্যান (ঢাকা মেট্রো-ট-১১-৮৬১০) তল্লাশি করে বিভিন্ন রং ও আকারের ৬৭২টি ডাবল পার্টের ভারতীয় কম্বল পাওয়া যায়। উদ্ধার করা কম্বলগুলোর আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ১৬ হাজার টাকা।

এ ঘটনায় গ্রেপ্তার আসিব মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের মেরি গোপিনাথপুর গ্রামের লুৎফুর রহমান মোল্লার ছেলে। পুলিশ আরও জানায়, এ ঘটনায় শাহপরান (রহ.) থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএ/সিলেট