জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তে বিজিবির অভিযান, জব্দ প্রায় ২১ লাখ টাকার পণ্য

post-title

ছবি সংগৃহীত

সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় পৃথক অভিযান চালিয়ে একটি ভারতীয় এয়ারগান, একটি ওয়াকিটকি সেট এবং বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা অস্ত্র ও পণ্যের মোট সিজার মূল্য ২০ লাখ ৮৩ হাজার টাকা।

সোমবার (২ নভেম্বর) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৮টার দিকে কানাইঘাট উপজেলার সোনাতনপুঞ্জি এলাকায় অস্ত্র উদ্ধারে অভিযান চালায় সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহল দল। এ সময় সীমান্ত থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় এয়ারগান ও একটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়। এসব সামগ্রীর সিজার মূল্য ১১ হাজার টাকা।

অন্যদিকে, একই দিন জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালায় জৈন্তাপুর, সুরাইঘাট ও গুয়াবাড়ি বিওপির টহল দল। এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৮৫টি শাড়ি, ৬০০ কেজি জিরা, তিনটি মহিষ, একটি গরু, বিভিন্ন ধরনের ২৮৮টি শ্যাম্পু, ৪০০টি পন্ডস ফেসওয়াশ এবং ৭০ কেজি চা-পাতা জব্দ করা হয়। এসব পণ্যের সিজার মূল্য ২০ লাখ ৭২ হাজার টাকা।

বিজিবি জানায়, দুটি অভিযানে জব্দ করা এয়ারগান, ওয়াকিটকি ও অন্যান্য পণ্যের মোট সিজার মূল্য ২০ লাখ ৮৩ হাজার টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান চালানো হয়েছে।

জব্দ করা এয়ারগানটি কানাইঘাট থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। অন্যান্য মালামাল নিকটস্থ শুল্ক গুদামে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি।



এসএ/সিলেট