প্রবাস থেকে ফেরার পথে পরিবারের স্বপ্নভঙ্গ

স্পেনে স্থায়ী বসবাসের কার্ড পেয়ে দেশে ফিরছিলেন, দোহায় প্রাণ গেল জাহেদের

post-title

ছবি সংগৃহিত

স্পেন থেকে দেশে ফেরার পথে কাতারের দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে জাহেদ আহমদ (৩৬) নামে সিলেটের এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

স্থায়ীভাবে বসবাসের কার্ড পাওয়ার পর দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু স্বজনদের সঙ্গে দেখা হওয়ার আগেই থেমে গেল তাঁর জীবনের পথচলা।

নিহত জাহেদ আহমদ দক্ষিণ সুরমার ঝালোপাড়া এলাকার মুহিবুর রহমানের ছেলে। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। জীবিকার সন্ধানে প্রায় চার বছর আগে স্পেনে পাড়ি জমান তিনি।

পরিবারের সদস্যরা জানান, সম্প্রতি স্পেনে স্থায়ীভাবে বসবাসের কার্ড পাওয়ার পর দেশে ফেরার সিদ্ধান্ত নেন জাহেদ। মঙ্গলবার কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে স্পেন থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হন তিনি। বাংলাদেশ সময় রাত ১২টার দিকে দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। পরে বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বুধবার দুপুরে জাহেদের মৃত্যুর খবর পরিবারের সদস্যদের কাছে পৌঁছায়। আকস্মিক এ খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বামীর মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী জেনি বেগম। ছেলের অকালমৃত্যুতে শোকাহত বাবা মুহিবুর রহমানও।

জাহেদের চাচা পলাশ আহমদ জানান, তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। দ্রুত মরদেহ দেশে আনতে পরিবারের পক্ষ থেকে প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সহযোগিতা কামনা করা হয়েছে।

জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি জমানো জাহেদ স্থায়ীভাবে বসবাসের কার্ড পাওয়ার পর দেশে ফিরছিলেন। কিন্তু স্বজনদের কাছে ফেরার আগেই তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের আবহ বিরাজ করছে।

এসএ/সিলেট