দীর্ঘ কর্মজীবন শেষে কানাইঘাটে দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা

post-title

ছবি সংগৃহীত

সিলেটের কানাইঘাটে মোতাহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষক মাহবুবুর রহমান ও হোসেইন আহমদকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে ম্যানেজিং কমিটি, এলাকাবাসী, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন প্রাক্তন শিক্ষার্থী খাজা শামীম আহমদ শাহীন ও তুষার সাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া ফেরদৌস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব‌্য দেন কানাইঘাট সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ফরিদ আহমদ, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিফতাহুজ্জামান, ইউপিইটিসি ইন্সট্রাক্টর মনজুরুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ চৌধুরী, সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, সহকারী শিক্ষক সমিতির সভাপতি নিহার রঞ্জন বর্ধন সহ অনেকে।

অনুষ্ঠানে সংবর্ধিত দুই শিক্ষক মাহবুবুর রহমান ও হোসেইন আহমদ তাদের কর্মজীবনের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরে অনুভূতি প্রকাশ করেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গঠনে তাদের ভূমিকা ও অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তারা।

পরে অবসরপ্রাপ্ত দুই শিক্ষককে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, এলাকাবাসী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় । এ সময় তাদের হাতে বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকাবাসী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।



এসএ/সিলেট