বাঘ দেখতে মানুষের ভিড়!

বিশ্বনাথে মেছোবাঘ আটক

post-title

ছবি সংগৃহীত

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:  সিলেটের বিশ্বনাথে হাঁস খেতে এসে লোহার খাঁচায় পাতা ফাঁদে একটি মেছোবাঘ আটক হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার লামাকাজি ইউনিয়নের দুর্লভপুর গ্রামের সাহিদ আলীর হাঁসের খামারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্লভপুর গ্রামে সাহিদ আলীর দীর্ঘদিনের একটি হাঁসের খামার রয়েছে। বেশ কিছুদিন ধরে রাতে খামার থেকে হাঁস ধরে নিয়ে যাচ্ছিল একটি বন্য প্রাণী। এতে খামারির বেশ কয়েকটি হাঁস মারা যাওয়ায় তিনি আর্থিক ক্ষতির মুখে পড়েন।

হাঁসগুলো রক্ষায় খামারঘরের পেছনে লোহার খাঁচা দিয়ে একটি ফাঁদ তৈরি করেন সাহিদ আলী। বৃহস্পতিবার রাতে প্রতিদিনের মতো ফাঁদটি পেতে রাখা হয়। শুক্রবার সকালে দেখা যায়, হাঁস খাওয়ার সন্ধানে আসা একটি মেছোবাঘ ওই ফাঁদে আটকা পড়েছে। মেছোবাঘ আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের গ্রামের উৎসুক মানুষ প্রাণীটিকে দেখতে খামারে ভিড় করেন।

খামারি সাহিদ আলী বলেন, দীর্ঘদিন ধরে বাঘটি খামার থেকে হাঁস ধরে নিয়ে যাচ্ছিল। এতে আমার অনেক আর্থিক ক্ষতি হয়েছে। বাঘটি ধরার জন্য খামারের পেছনে ফাঁদ পেতে রাখি। পরে শুক্রবার সকালে দেখি, ফাঁদে মেছোবাঘটি আটকা পড়েছে।

এবিষয়ে জানতে চাইলে বিভাগীয় বন বিভাগ কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান বলেন, আমি এবিষয়ে অবগত আছি এবং সুচিকিৎসা ও রক্ষণাবেক্ষণের জন্য আমি মৌলভীবাজার রেঞ্জ অফিসারদের বলেছি তারা এসে মেছোবাঘটি নিয়ে যাবে।

এসএ/সিলেট