শাবিপ্রবিতে শহীদ রুদ্র সেন মেমোরিয়াল স্কলারশিপ চালুর ঘোষণা

post-title

ছবি সংগৃহীত

জুলাই আন্দোলনে শহীদ রুদ্র সেনকে স্মরণীর করে রাখতে শহীদ রুদ্র সেন মেমোরিয়াল স্কলারশিপ চালুর ঘোষণা দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক খায়রুল ইসলাম।

বুধবার (৫ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, “শহীদ রুদ্র সেন নিয়ে আমি ইতোমধ্যে পরিকল্পনা করেছি। রুদ্রসেনের স্মরণে প্রতি বছর শহীদ রুদ্রসেন মেমোরিয়াল স্কলারশিপ দিতে চাই। এ স্কলারশিপ ১৮ জুলাই দেওয়া হবে যেদিন রুদ্র সেন শহীদ হয়। এটার জন্য বিশ্ববিদ্যালয় বাজেট থেকে ১০ লক্ষ টাকা শুরুতে রাখা হবে। দরখাস্ত করে আমরা ফান্ড আনবো। না পাইলে বিশ্ববিদ্যালয় থেকে ফান্ড দেওয়া হবে। এটা কন্টিনিউয়াসলি চলবে।”

তিনি আরও বলেন, “পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান এবং আর্কিটেকচারের বিভাগীয় প্রধানসহ এরকম করে আমরা আট সদস্য বিশিষ্ট একটা কমিটি করেছি। আমাদের বিশ্ববিদ্যালয়ে শহীদ রুদ্রসেন লেকের উন্নয়ন এবং তার জন্য নান্দনিক কোনো কিছু করা সম্ভব হলে সেগুলো নিয়ে আমরা কাজ করব। এ কমিটি যথা শিগগিরই প্রতিবেদন জমা দিবেন এবং সেটা নিয়ে আমরা কাজ করব।”

এ সময় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. ফারুক মিয়া ও সমাজকর্ম বিভাগের অধ্যাপক তাহমিনা ইসলামের সঞ্চালনায় উপ উপাচার্য অধ্যাপক সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ইসমাঈল হোসনে, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম, ভৌত বিজ্ঞান অনুষদের ডিন মো. আহমেদ কবির চৌধুরী উপস্থিত ছিলেন।

এছাড়া এ দিবস উদযাপন উপলক্ষ্যে সকালে সিলেটের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বৃক্ষরোপণ কর্মসূচি, র‌্যালি এবং সব বিভাগের শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবারের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এসএ/সিলেট