মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করলেন সিলেট সিটি কর্পোরেশন'র মেয়র পদপ্রার্থী রফিকুল ইসলাম ফেনু

post-title

ছবি সংগৃহীত

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রফিকুল ইসলাম ফেনু তাঁর নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা করেছেন। শুক্রবার দুপুরে সিলেট নগরীর ঐতিহাসিক হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত ও বিশেষ মোনাজাতের মাধ্যমে তিনি এ প্রচারণা শুরু করেন।

জিয়ারত শেষে মাজার প্রাঙ্গণে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে রফিকুল ইসলাম ফেনু বলেন, "আমি কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করতে নির্বাচনে আসি নাই; সিলেটের একজন সাধারণ সন্তান হিসেবে নগরবাসীর নাগরিক অধিকার ও মৌলিক সেবা নিশ্চিত করাই আমার একমাত্র লক্ষ্য। দল-মত নির্বিশেষে এই পূণ্যভূমি সিলেটকে একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য, যানজটমুক্ত ও সুপরিকল্পিত আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চাই। দীর্ঘদিন ধরে রাজপথে ও সামাজিক সংগঠনের মাধ্যমে সাধারণ মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও নগরবাসী সুযোগ দিলে সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে সিলেটের সর্বাঙ্গীন উন্নয়নে নিজেকে উৎসর্গ করব।"

রফিকুল ইসলাম ফেনু সিলেট নগরীর পশ্চিম কাজল শাহ এলাকার এক সম্ভ্রান্ত পরিবারের কৃতি সন্তান। পেশায় সফল ব্যবসায়ী হলেও কোনো ধরনের রাজনৈতিক সংগঠনের সাথে তাঁর প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা নেই। কোনো দলীয় বলয়ের ভেতরে না থেকে একজন সম্পূর্ণ স্বাধীন ও নাগরিক প্রার্থী হিসেবেই তিনি নগরবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করছেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সংগঠনের সাথে সরাসরি যুক্ত হয়ে সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন রফিকুল ইসলাম ফেনু। সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের যেকোনো দুর্যোগ-দুর্বিপাকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার পাশাপাশি সিলেটের আঞ্চলিক উন্নয়ন, যোগাযোগব্যবস্থার অগ্রগতি ও নাগরিক অধিকার আদায়ের বিভিন্ন আন্দোলনেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন।

মাজার জিয়ারতকালে পশ্চিম কাজল শাহ এলাকার বিশিষ্ট মুরুব্বিয়ান, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, স্থানীয় তরুণসমাজ এবং রফিকুল ইসলাম ফেনুর বিপুলসংখ্যক সমর্থক ও অনুরাগী উপস্থিত ছিলেন। জিয়ারত শেষে তিনি মাজার সংলগ্ন এলাকা ও আশপাশের সাধারণ ব্যবসায়ী ও পথচারীদের সাথে কুশল বিনিময় করেন।


এসএ/সিলেট