কানাইঘাটে সবজি বাগানের নামে গণহারে সরকারী রাস্তা দখল! বিপাকে কৃষকসহ সাধারণ মানুষ

post-title

ছবি সংগৃহীত

কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গাজী বুরহান উদ্দিন সড়ক হতে উমাগড় পশ্চিম মূখী সরকারী কাঁচা রাস্তা নির্বিচারে প্রভাবশালী লোকজন কর্তৃক বাঁশের ভেড়া দিয়ে গণহারে সবজি বাগান করে দখলে নেওয়ায় স্থানীয় জনমনে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

উমাগড় গ্রাম সহ আশপাশ এলাকার লোকজদের যাতায়াতের এ রাস্তা থেকে অবৈধ ভাবে গড়ে উঠা সবজি বাগানগুলো দখল মুক্ত করে স্বাভাবিক চলাচলের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে সম্প্রতি গণস্বাক্ষর সম্বলিত একটি অভিযোগ দাখিল করেছেন। নির্বাহী কর্মকর্তা বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে যারা রাস্তা কেটে সবজি বাগানসহ বাঁশের ভেড়া দিয়ে রাস্তা দখল করে জনসাধারণের যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন, তাদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণের জন্য সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসর উদ্দিন আহমদ চৌধুরীকে নির্দেশ দিয়েছেন।

সোমবার (১৩ জুলাই) স্থানীয় গণমাধ্যমকর্মীরা সরেজমিনে গেলে এলাকার লোকজন জানান, গাজী বুরহান উদ্দিন সড়ক হতে উমাগড় পশ্চিম গ্রাম বায়া রাস্তাটি হাওড় পর্যন্ত গিয়েছে। এ এলাকার জনসাধারনের চলাচল ও কৃষকদের গরু-মহিষ কিংবা যান্ত্রিক কৃষি যন্ত্রপাতি নিয়ে ফসলী মাঠে যাওয়ার চিন্তা করে সরকারী অর্থায়নে প্রায় এক যুগ পূর্বে রাস্তাটি নির্মাণ করা হয়।

রাস্তা নির্মাণ করার কারনে এলাকার অনেকেই রাস্তার দুইপাশে বাড়ি-ঘর তৈরী করে বসতি স্থাপন করেছেন। জনসাধারণের চলচলের জন্য বুরহান উদ্দিন সড়ক হতে কিছু অংশ ইউনিয়ন পরিষদের অর্থায়নে ইট সলিংও করা হয়েছে।

স্থানীয়রা আরো বলেন, এই সড়কটি মুলত গোপাটের একটি অংশ ভরাট করে নির্মাণ করা হয়েছে। সরকারী গোপাটের ৩৫/৪০ফুট প্রস্থের মধ্যে প্রায় ২০ফুট প্রস্থ করে মাটি ভরাটের মাধ্যমে রাস্তাটি নির্মিত হয়।

কিন্তু বিগত কয়েক বছর থেকে এলাকার প্রভাবশালী কতিপয় লোকজন নামমাত্র রাস্তা রেখে গণহারে সবজি বাগানের নামে বাঁশের ভেড়া দিয়ে নিজেদের দখলে নিয়েছে। এতে করে এখানকার মানুষের চলাচলসহ কৃষকরা চরম বিপাকে পড়েছেন।

বিশেষ করে হাওড় অঞ্চলের খাসের বন্দ নামক বিশাল ফসলী মাঠে কৃষকরা হালের ট্রাক্টার বা যান্ত্রিক কোন ধরণের বাহনসহ গরু-মহিষ নিতে নানা বাঁধার সম্মুখীন হচ্ছেন। যারা সরকারী রাস্তা জবর দখল করে রেখেছে তাদেরকে স্থানীয়ভাবে বাঁধা নিষেধ দিলেও তা কর্ণপাত করেনি দখলদাররা। এমতাবস্থায় এখানকার কৃষকসহ সাধারণ মানুষ রাস্তাটি দখলমুক্ত করতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।     


এসএ/সিলেট