নগরীতে ১৫ দিনের অভিযানে গ্রেফতার ১,৩০৬, উদ্ধার কোটি টাকার অবৈধ পণ্য

post-title

ছবি সংগৃহীত

মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত ধারাবাহিক অভিযানে জুন ২০২৬ মাসের প্রথম ১৫ দিনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এ সময়ে বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি) পরিচালিত অভিযানে মোট ১ হাজার ৩০৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএমের সার্বিক নির্দেশনা ও প্রত্যক্ষ তদারকিতে গত ১ জুন থেকে ১৫ জুন পর্যন্ত এসব অভিযান পরিচালিত হয়।

এসএমপি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে ১৮ জন ছিনতাইকারী, ৯৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৫৫ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, ১০২ জন সন্দেহভাজন ব্যক্তি, ৬৩ জন জুয়াড়ি, ১৫ জন চোর, ৩৭ জন হকার এবং ১৯ জন অন্যান্য অপরাধে জড়িত ব্যক্তি রয়েছেন। এছাড়া মেট্রোপলিটন অধ্যাদেশে ৩৪৬ জনকে গ্রেফতার করা হয়। বিশেষ চিরুনি অভিযানে আরও ৫৫৭ জন আসামিকে গ্রেফতার করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে উদ্ধার করা হয়েছে ৫৭৪ পিস ইয়াবা, ৬৪ লিটার চোলাই মদ, ৬ বোতল বিদেশি মদ, ২২০ গ্রাম গাঁজা এবং ১০০ বোতল ইস্কাপ সিরাপ। একই সময়ে ডিবি পুলিশ ১৫টি হারানো মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছে।

চোরাচালান ও অবৈধ ভারতীয় পণ্যবিরোধী অভিযানে ৪ হাজার পিস স্কিন শাইন ক্রিম, ২ হাজার ৪৬৫ কেজি চা-পাতা, ৮ লাখ ১৯ হাজার পিস নাসিরুদ্দিন বিড়ি, ৬ হাজার ৫১৯ কেজি জিরা, ১২ হাজার ৮০৯ পিস বিভিন্ন ধরনের চকলেট, ৯৬০ বোতল প্র্যাকটিন সিরাপ এবং ১৯ হাজার ৭৯৫ পিস ক্লপ-জি ক্রিম জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত এসব অবৈধ পণ্যের আনুমানিক বাজারমূল্য ৯১ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা।

অন্যদিকে ট্রাফিক বিভাগের অভিযানে ১ হাজার ২৬৫টি যানবাহন আটক করা হয়েছে। ১ হাজার ৯৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়েরের পাশাপাশি জরিমানা হিসেবে ৪১ লাখ ৩৩ হাজার ৬০০ টাকা আদায় করা হয়েছে।

এসএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ নিয়ন্ত্রণ এবং শান্তিপূর্ণ নগরী গড়ে তুলতে পুলিশের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসএ/সিলেট