কোম্পানীগঞ্জে কালের কণ্ঠের সাংবাদিকের ওপর হামলা : প্রধান আসামি কারাগারে

post-title

ছবি সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জে ভোলাগঞ্জ সাদাপাথর লুটপাটের সংবাদ প্রকাশের জেরে কালের কণ্ঠের সাংবাদিক কবির আহমদের ওপর হামলার মামলার প্রধান আসামি শুক্কুর আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে তাঁর জামিন নামঞ্জুর করা হয়।

সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে দুপুর ৩টার দিকে আদালত থেকে তাঁকে সিলেট কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান বলেন, বৃহস্পতিবার মামলার প্রধান আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বাকি আসামিদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মামলার বিবরণ অনুযায়ী, গত ৭ আগস্ট সাদাপাথর লুটপাটের সংবাদ প্রকাশের জেরে কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির সামনে সাংবাদিক কবির আহমদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় তাঁর সঙ্গে থাকা ক্যামেরা, মোবাইল ফোন ও তথ্য-প্রমাণ ছিনিয়ে নেওয়ার পাশাপাশি তাঁকে অপহরণের চেষ্টাও করা হয় বলে অভিযোগ রয়েছে।

আদালতের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন কালের কণ্ঠের সিলেটের মাল্টিমিডিয়া ইনচার্জ কবির আহমদ। তিনি মামলার অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এসএ/সিলেট