বন্দরবাজারে ছিনতাইয়ের চেষ্টাকালে চাকুসহ যুবক গ্রেপ্তার

post-title

ছবি সংগৃহীত

নগরীর বন্দরবাজারে ছিনতাইয়ের চেষ্টাকালে সুইস গিয়ার চাকুসহ ফাহিদ ওরফে মো. ফাহিম আহম্মেদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। বুধবার (৪ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে রংমহল টাওয়ারের সামনে থেকে তাঁকে আটক করা হয়।

পুলিশ জানায়, বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ রংমহল টাওয়ারের সামনে অভিযান পরিচালনা করছিলেন। এ সময় একদল ছিনতাইকারী ধারালো চাকু প্রদর্শন করে পথচারীদের ভয়ভীতি দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টা করছিল। তখন পুলিশ ফাহিদকে আটক করে। পরে তাঁর কোমরে থাকা একটি সুইস গিয়ার চাকু উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ফাহিদ ওরফে মো. ফাহিম আহম্মেদ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সৎপুর বন্নি এলাকার বাসিন্দা। তাঁর পিতা মৃত কানু মিয়া প্রকাশ দেলোয়ার মিয়া এবং মাতা মৃত আলেকজান ওরফে আলেক জাহান। বর্তমানে তিনি সিলেটের মোগলাবাজার থানাধীন শিববাড়ি এলাকার আলাউদ্দিনের বাসায় থাকেন।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ (সংশোধনী-২০১৯)-এর ৪ ও ৫ ধারায় মামলা হয়েছে। মামলার নম্বর ৯, তারিখ ৪ নভেম্বর ২০২৬।

পুলিশের সিডিএমএস পর্যালোচনায় গ্রেপ্তার ফাহিদের বিরুদ্ধে মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী থানা এবং সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানায় পেনাল কোডের সংশ্লিষ্ট ধারায় আরও তিনটি মামলার তথ্য পাওয়া গেছে। তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএ/সিলেট