দক্ষিণ সুরমায় যাত্রীবাহী বাস থেকে ২৫ বোতল ফেয়ারডিল উদ্ধার, আটক ১

post-title

ছবি সংগৃহীত

দক্ষিণ সুরমায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২৫ বোতল ফেয়ারডিল (FAIRDYL) সিরাপসহ মো. আমিনুল হক নামে এক যুবককে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে নাভানা সিএনজি পাম্পের সামনে পুলিশের চেকপোস্টে তাকে আটক করা হয়।

আটক আমিনুল হক সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নতুন জীবনপুর এলাকার ফোরকান মিয়ার ছেলে।

মহানগর পুলিশের (এসএমপি) তথ্য অনুযায়ী, সোমবার রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে দক্ষিণ সুরমা থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের নাভানা সিএনজি পাম্পের সামনে পাকা সড়কে চেকপোস্ট পরিচালনা করছিলেন মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা।

এ সময় জাফলং থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসকে থামার সংকেত দেওয়া হয়। বাসটি সড়কের পাশে থামালে যাত্রীবেশে থাকা আমিনুল হকের কাছ থেকে ২৫ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পুলিশ জানায়, আটক আমিনুল হককে আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএ/সিলেট