ফাজিল পরীক্ষা ঘিরে পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে সভা-সমাবেশ, মিছিল নিষিদ্ধ

post-title

ছবি সংগৃহীত

ফাজিল (স্নাতক) পাস ১ম, ২য় ও ৩য় বর্ষের পরীক্ষা ঘিরে নগরীর পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে সভা-সমাবেশ, মিছিলসহ বিভিন্ন কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। আগামী ১৫ অক্টোবর থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

বুধবার (১৪ অক্টোবর) জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয় ঢাকার অধীনে ২০২৫ সালের ফাজিল (স্নাতক) পাস ১ম, ২য় ও ৩য় বর্ষের পরীক্ষা আগামী ১৫ অক্টোবর থেকে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত মহানগরীর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা, সিলেট পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী এক ঘণ্টা পর্যন্ত পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসমাবেশ, মিছিল, গান-বাজনা, ঢাকঢোল বাজানো, উচ্চস্বরে চিৎকার, মাইক বা লাউডস্পিকার ব্যবহার নিষিদ্ধ থাকবে।

এ ছাড়া অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, লাঠি, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর বহন বা ব্যবহার এবং শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ডও নিষিদ্ধ করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে অননুমোদিত বা অনভিপ্রেত ব্যক্তিদের প্রবেশ এবং জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে-এমন কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। পরীক্ষা চলাকালে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোকে অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে। মহানগর পুলিশ জানিয়েছে, এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এসএ/সিলেট