কানাইঘাটে হেলথ কার্ডের নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ২

post-title

ছবি সংগৃহীত

কানাইঘাটে হেলথ কার্ড ও বিভিন্ন চিকিৎসাপ্রতিষ্ঠানের নামে ভুয়া চুক্তিনামা তৈরি করে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) উপজেলার চতুল বাজার এলাকার একটি মার্কেট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা এলাকার আব্দুল মুকিতের ছেলে মোহাম্মদ নোমান মিয়া এবং বরিশালের উজিরপুর উপজেলার যুগিহাটি এলাকার আবুল কালাম হাওলাদারের ছেলে আব্দুল আহাদ হাওলাদার।

পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তিরা এবং তাঁদের সঙ্গে জড়িত পলাতক অন্য ব্যক্তিরা কানাইঘাটের বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান ও ডায়াগনস্টিক সেন্টারের নামে হেলথ কার্ড তৈরি, লিফলেট বিতরণ এবং ‘নিরাময় এক্সপ্রেস’ নামে ভুয়া চুক্তিনামা তৈরির মাধ্যমে প্রতারণা করতেন।

গোল্ড ও সিলভার মেম্বারশিপ দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ নেওয়া হতো। এ ছাড়া বিভিন্ন বেসরকারি চিকিৎসাপ্রতিষ্ঠানের নামে ভুয়া চুক্তিনামা তৈরি করে দীর্ঘদিন ধরে জনসাধারণের সাথে প্রতরণার মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।
উক্ত প্রতারণার ঘটনার অভিযোগে কানাইঘাট থানায় মামলা রুরু করা হয়।

পরে হেলথ কার্ডের নামে প্রতারণার ঘটনায় কানাইঘাট উপজেলার ৫ নম্বর বড়চতুল ইউনিয়নের চতুল বাজারে হাজী ফখরুল ইসলামের মার্কেট থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।

একই সঙ্গে হেলথ কার্ডের নামে প্রতারণার বিষয়ে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কানাইঘাট থানা পুলিশ।






এসএ/সিলেট