ছাতকে রেলের জমিতে পশুর হাট,...
সুনামগঞ্জের ছাতকের গোবিন্দগঞ্জে বাংলাদেশ রেলওয়ের জমিতে পশুর হাট বসানোর অভিযোগে বাঁশ, টিন ও ত্রিপল দিয়ে নির্মিত স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দিয়েছে...
ছাতকের গোবিন্দগঞ্জে রেলওয়ের জমিতে হাট বসানোর অভিযোগ—উচ্ছেদসহ আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি; অভিযোগ অস্বীকার ইজারাদার শিমুলের
সংগৃহীত
সুনামগঞ্জের ছাতকের গোবিন্দগঞ্জে বাংলাদেশ রেলওয়ের জমিতে পশুর হাট বসানোর অভিযোগে বাঁশ, টিন ও ত্রিপল দিয়ে নির্মিত স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। আগামী ২৭ আগস্টের মধ্যে এসব স্থাপনা ও পশুর হাট সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা অপসারণ না করলে উচ্ছেদসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তার কার্যালয় থেকে গত ২৮ জুলাই এ-সংক্রান্ত নোটিশ জারি করা হয়। নোটিশটি ছাতক পৌরশহরের বাগবাড়ি এলাকার বাসিন্দা হিজবুল বারি শিমুলের নামে দেওয়া হয়েছে।
প্রকাশিত নোটিশ সূত্রে জানা যায়, উপজেলার ছৈলা-আফজালাবাদ রেলওয়ে স্টেশন এলাকার রেলওয়ের ভূমি সরেজমিন পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা দেখতে পান, শিমুল বারি রেলওয়ের ভূমিতে অবৈধভাবে পশুর হাট বসানোর জন্য বাঁশ, টিন ও ত্রিপল দিয়ে শেড নির্মাণ করেছেন। এ বিষয়ে তাকে বারবার মৌখিকভাবে বাধা দেওয়া হলেও তিনি তা অমান্য করে ওই স্থানে পশুর হাট পরিচালনার প্রস্তুতি নেন।
নোটিশে আরও উল্লেখ করা হয়, বিষয়টি নিয়ে অলিউর রহমান চৌধুরী বকুল ও অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর ইসলাম অবৈধ পশুর হাটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য রেলওয়ে কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছেন।
এর পরিপ্রেক্ষিতে রেলওয়ের ভূমিতে শিমুল বারির নির্মিত বাঁশ ও ত্রিপলের ছাউনি এবং পশুর হাট আগামী ২৭ আগস্টের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা অপসারণ না করলে তা উচ্ছেদ করা হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।
এদিকে, নোটিশের অনুলিপি বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, মহাব্যবস্থাপক (পূর্ব), প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তার কাছে অবগতির জন্য পাঠানো হয়েছে।
তবে এ বিষয়ে বাজার ইজারাদার হিজবুল বারি শিমুল অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি ব্যক্তিমালিকানাধীন ভূমিতে বাজার বসিয়েছি। এর আগে অলিউর রহমান চৌধুরী বকুলের কাছ থেকে রেলের লীজকৃত ভূমি ভাড়া নিয়েছিলাম। এবার তিনি বেশি ভাড়া দাবি করায় আমি নেইনি। এ বিষয় নিয়ে তার সাথে বিরোধ থাকায় তিনি মিথ্যা অভিযোগ করেছেন। যার আইনি কোনো ভিত্তি নেই।”
তিনি আরও বলেন, “বরং তিনি সব সময় রেলের ভূমিতে পশুর বাজার ও খামার পরিচালনা করে আসছেন। আমি বৈধভাবে বাজার ইজারা নিয়ে মালিকানা ভূমিতে বাজার পরিচালনা করে আসছি।”
রেলওয়ে কর্তৃপক্ষের নোটিশ ও বাজার ইজারাদারের পাল্টা বক্তব্যকে ঘিরে এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
টিএ/ছাতক
সুনামগঞ্জের ছাতকের গোবিন্দগঞ্জে বাংলাদেশ রেলওয়ের জমিতে পশুর হাট বসানোর অভিযোগে বাঁশ, টিন ও ত্রিপল দিয়ে নির্মিত স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দিয়েছে...
সুনামগঞ্জের ছাতকে ২০ মাসের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মরম আলী (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার ইসলামপুর...
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের ৫০ কিলোমিটারে নির্মাণাধীন দৃষ্টিনন্দন আর্চ সেতুর...
সুনামগঞ্জের শাল্লায় মাদকসহ তিন জনকে আটক করেছে শাল্লা থানা পুলিশ। রোববার (১৬ আগস্ট) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন দৌলতপুর...
সুনামগঞ্জের দোয়ারাবাজারে জমিজমা লিখে না দেওয়ার জেরে এক বৃদ্ধকে ৫০ হাজার টাকায় চুক্তি করে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায়...