সিসিকের সঙ্গে চুক্তি স্বাক্ষর

সিলেটে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে মেটারনাল এইড এসোসিয়েশন

post-title

ছবি সংগৃহীত

সিলেটবাসীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও ডায়াগনস্টিক সাপোর্ট দেবে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা মেটারনাল এইড এসোসিয়েশন।

এ লক্ষ্যে বুধবার (১২ আগস্ট) বিকেলে নগর ভবনের সভাকক্ষে সিলেট সিটি কর্পোরেশনের সঙ্গে সংস্থাটির একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি অনুযায়ী, নগরীর কুমারপাড়ায় সিটি কর্পোরেশন পরিচালিত উসমান মিয়া মার্চেন্ট মা ও শিশু হাসপাতালে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে সংস্থাটি।

সিলেট সিটি কর্পোরেশনের পক্ষে প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং মেটারনাল এইড এসোসিয়েশনের পক্ষে সংস্থাটির ফাউন্ডার ও চেয়ারম্যান ড. অখিল জায়গীরদার চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

মেটারনাল এইড এসোসিয়েশন (MAA) উন্নয়নশীল দেশগুলোতে, বিশেষ করে বাংলাদেশে মাতৃমৃত্যু রোধ ও প্রসূতি মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে। যুক্তরাজ্য ও অন্যান্য দেশে নিবন্ধিত অলাভজনক এ সংস্থাটি এই চুক্তির মাধ্যমে সিলেটেও তাদের স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু করল।

চুক্তির আওতায় উসমান মিয়া মার্চেন্ট মা ও শিশু হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে গর্ভবতী মায়েদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ দেওয়া হবে। দরিদ্র রোগীদের বিনামূল্যে ওষুধ এবং ডায়াগনস্টিক সেবাও দেওয়া হবে।

চুক্তি স্বাক্ষর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, অর্থের অভাবে যেসব দরিদ্র মা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন, তারা এই হাসপাতাল থেকে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও ডায়াগনস্টিক সেবা নিতে পারবেন।

তিনি দরিদ্র মানুষের কল্যাণে এগিয়ে আসায় মেটারনাল এইড এসোসিয়েশনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং এ ধরনের সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত হতে যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের প্রতি আহ্বান জানান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, মেটারনাল এইড এসোসিয়েশনের গ্লোবাল অ্যাম্বাসেডর ও অ্যাডভাইজর প্রফেসর শাহাগীর বক্ত ফারুক, সিলেট বিভাগীয় প্রধান ডা. ফয়জুল হাসান চৌধুরী, অপারেশন ম্যানেজার ডা. শাহনেওয়াজ ফুয়াদ, লজিস্টিক ম্যানেজার ডা. দুর্জয় রায় ও মেডিকেল কলেজ কো-অর্ডিনেটর ডা. আব্দুস শাকুর স্বপন উপস্থিত ছিলেন।


এসএ/সিলেট