শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে দীর্ঘ আন্দোলনের পর শুরু কাজ, পরিদর্শনে কলেজ প্রশাসন, মানসম্মত নির্মাণের তাগিদ

আন্দোলনের মুখে অবশেষে এমসি কলেজ ছাত্রাবাসের সামনে স্পিড ব্রেকার নির্মাণ

post-title

সংগৃহীত

দীর্ঘদিনের দাবি, শিক্ষার্থীদের আন্দোলন এবং কলেজ প্রশাসনের ধারাবাহিক প্রচেষ্টার পর অবশেষে সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসের সামনের সড়কে স্পিড ব্রেকার (গতিরোধক) নির্মাণের কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে নির্মাণকাজ পরিদর্শনে যান কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ, উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেনসহ কলেজের অন্যান্য শিক্ষক। এ সময় তারা নির্মাণকাজ যেন টেকসই, মানসম্মত ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে সম্পন্ন করা হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা ও অনুরোধ জানান।

এমসি কলেজ ছাত্রাবাসের সামনের সড়ক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক যানবাহন দ্রুতগতিতে চলাচল করে। ফলে দীর্ঘদিন ধরেই দুর্ঘটনার ঝুঁকিতে ছিলেন আবাসিক শিক্ষার্থীরা। নিরাপদ চলাচল নিশ্চিত করতে শিক্ষার্থীরা বারবার স্পিড ব্রেকার নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন।

দাবি বাস্তবায়নের লক্ষ্যে গত ১৯ মে শিক্ষার্থীরা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরে কলেজ প্রশাসনের আশ্বাসে তারা কর্মসূচি প্রত্যাহার করেন। এর পর কলেজ কর্তৃপক্ষ একাধিকবার সড়ক ও জনপথ অধিদপ্তরে লিখিত আবেদন ও প্রয়োজনীয় যোগাযোগ অব্যাহত রাখে।

অবশেষে মঙ্গলবার স্পিড ব্রেকার নির্মাণকাজ শুরু হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা প্রকাশ করেছেন, দ্রুত কাজ শেষ হলে ছাত্রাবাসের সামনে দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমে আসবে এবং শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত হবে।

এদিকে, বিষয়টি নিয়ে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি, সিলেট ধারাবাহিকভাবে একাধিক সংবাদ প্রকাশের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

টিএ/ছাতক