শাবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ছাত্রদলের স্মরণসভা

post-title

ছবি সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে  বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, শাবিপ্রবি শাখার উদ্যােগে আলোচনা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে সামাজিক বিজ্ঞান ভবনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক মো. মোখলেছুর রহমান এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন, কেন্দ্রীয় লাইব্রেরী প্রশাসক অধ্যাপক  মুহাম্মদ মিজানুর রহমান ও আইকিউএসি'র পরিচালক অধ্যাপক সালমা ইসলাম।

এ ছাড়াও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাঈম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক ও ছাত্রদলের  নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

স্মরণসভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তারা বলেন, "ছাত্র-জনতার অভূতপূর্ব ত্যাগের বিনিময়ে দেশ আজ স্বৈরাচারমুক্ত হয়েছে। জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে ক্যাম্পাসগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে।

যে আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র-জনতা বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল, সেই সাম্য ও ন্যায়ের বাংলাদেশ প্রতিষ্ঠা করাই এখন মূল লক্ষ্য। ফ্যাসিবাদের দোসররা যাতে পুনরায় কোনো ষড়যন্ত্র করতে না পারে, সেজন্য সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে ছাত্রদলকে সর্বদা সতর্ক ও ঐক্যবদ্ধ থাকবে।"

এ সময় জুলাইয়ে হামলার সাথে জড়িতদের বিচারের দাবিও জানান তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, 'বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঐতিহাসিক একটা গৌরব রয়েছে। সেই গৌরবকে ধরে রাখতে হবে। 

আমাদের প্রত্যাশা, ছাত্রদল সততা ও আদর্শকে ধারণ করবে। এর কোনো বিকল্প নেই। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও কর্মধারা দেখছেন। তিনি একজন রোল মডেল। তিনি আচরণে বিনয়ী এবং নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। আমাদেরও ভালো কাজ করতে হবে। আপনাদের কোনো ভালো আইডিয়া থাকলে অবশ্যই আমাদের জানাবেন। সবার সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতাই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে পারে।'

বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে এবং একটি শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গঠনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।



এসএ/সিলেট