নগরীতে পুলিশের অভিযানে ৬৩ জন গ্রেফতার

post-title

ফাইল ছবি

মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত বিশেষ অভিযানে গত ৩২ ঘণ্টায় ৬৩ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১৫১টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) এসএমপি সূত্রে জানা যায়, সোমবার (২২ জুন) রাত ১২টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৩ জন আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, চোরাচালানকারী, সন্দেহভাজন ব্যক্তি এবং মেট্রো অধ্যাদেশে গ্রেফতারকৃত ব্যক্তিরা রয়েছেন।

অভিযানের পরিসংখ্যান অনুযায়ী, ২২ জুনের ২৪ ঘণ্টায় ৩৬ জন এবং ২৩ জুন সকাল ৮টা পর্যন্ত পরবর্তী ৮ ঘণ্টায় আরও ২৭ জনকে গ্রেফতার করা হয়।

এ সময় বিভিন্ন অভিযান থেকে ১ হাজার ৪০০ পিস কিটক্যাট চকলেট, ২৪ কেজি ৬ পুরিয়া গাঁজা এবং ১০ বস্তা জিরা উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক বিভাগের অভিযানে ৭৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং ৭৪টি যানবাহন আটক করা হয়। সব মিলিয়ে ১৫১টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এসএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।

অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব নগরী গড়ে তুলতে সিলেট মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

এসএ/সিলেট