গোয়াইনঘাটে আওয়ামী লীগ ও ছাত্রলীগ-যুবলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার

post-title

ছবি সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাটে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) রাতে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুকের দিকনির্দেশনায় এসআই (নিঃ) গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোয়াইনঘাট উপজেলার পূর্ব তারুখাল গ্রামের মৃত নুরুল ইসলাম মুন্সির ছেলে ইয়াছিন মুন্সি (৩২), নন্দিরগাঁও সিকদারপাড়া গ্রামের মৃত সমছুল হক সিকদারের ছেলে মো. মদরিছ আলী সিকদার (৫৫), যতনাথা গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে মকলিছুর রহমান (৪৫) এবং নলজুরি গ্রামের আব্দুর রবের ছেলে মো. শাহীন মাহমুদ (৪১)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ইয়াছিন মুন্সি পশ্চিম জাফলং ইউনিয়ন ছাত্রলীগের সদস্য, মদরিছ আলী সিকদার গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য, মকলিছুর রহমান রুস্তমপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি এবং শাহীন মাহমুদ পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, রাতারগুল সোহেল স্কয়ার রিসোর্টের ঘটনায় দায়ের করা গোয়াইনঘাট থানার মামলা নং-১১/৩৫০, তারিখ ১১ নভেম্বর ২০২৬-এর তদন্তে তাঁদের আসামি হিসেবে পাওয়া গেছে। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর বিভিন্ন ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারের পর চারজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এসএ/সিলেট