সড়ক নির্মাণ প্রকল্প পরিদর্শনকালে সিসিক প্রশাসক

post-title

ছবি সংগৃহীত

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সম্প্রসারিত ওয়ার্ডগুলোতে ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

কারণ নতুন ওয়ার্ডগুলো উন্নয়নের দিক থেকে পুরোনো ওয়ার্ডগুলোর তুলনায় অনেক পিছিয়ে রয়েছে। পর্যায়ক্রমে এসব এলাকার অবকাঠামোগত উন্নয়ন করে মূল নগরের সমপর্যায়ে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের মুক্তিরচক এলাকায় সড়ক নির্মাণ প্রকল্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

সিসিক প্রশাসক বলেন, পুরোনো ওয়ার্ডগুলোর মতো সম্প্রসারিত ওয়ার্ডগুলোতেও আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে চাই। এ লক্ষ্যেই নতুন সড়ক নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, মুক্তিরচক এলাকায় সড়ক নির্মাণের আগে প্রয়োজনীয় মাটি ভরাট করা হয়েছে। এরপর সড়কে সিসি ঢালাই দেওয়া হয়েছে। বর্তমানে এর ওপর আরসিসি ঢালাইয়ের কাজ চলছে। যেসব স্থানে নতুন করে মাটি ভরাট করা হয়েছে, সেসব স্থানে সড়কের পাশে রিটেইনিং ওয়ালও নির্মাণ করা হয়েছে।

আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, ৩১ নম্বর ওয়ার্ডে প্রায় ২৫ কোটি টাকার উন্নয়ন কাজ বাস্তবায়নাধীন রয়েছে। এসব প্রকল্পের মাধ্যমে সড়ক, ড্রেনেজসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন করা হচ্ছে।

নগরীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এই ওয়ার্ডের যেসব সড়কের উন্নয়নকাজ এখনো বাকি রয়েছে, পর্যায়ক্রমে সেগুলোও বাস্তবায়ন করা হবে। সড়ক উন্নয়নের পাশাপাশি পর্যায়ক্রমে সড়কবাতি স্থাপনের কাজও করা হবে।

তিনি বলেন, পরিকল্পিত ও টেকসই উন্নয়নের মাধ্যমে সম্প্রসারিত ওয়ার্ডগুলোকে একটি আধুনিক ও জনবান্ধব এলাকায় পরিণত করতে চাই। এ জন্য সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীর সহযোগিতাও প্রয়োজন। উন্নয়নকাজ বাস্তবায়নে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে সিসিকের সাবেক কাউন্সিলর নাজমুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী খায়রুল ইসলাম অপু, শাহগলি ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শিহাব আহমদ, তরুণ সংগঠক ফরহাদ, নয়ন, ফাহিম, শাহনুরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এসএ/সিলেট