বৈরী আবহাওয়া : ঢাকাগামী ইউএস-বাংলার ফ্লাইট সিলেটে অবতরণ

post-title

ফাইল ছবি

ইউএস-বাংলা এয়ারলাইন্সের আবুধাবিগামী একটি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

রবিবার (১২ জুলাই) সকাল ১১টা ৩৫ মিনিটে আবুধাবি-ঢাকা রুটের ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৪২ (BS-342) ফ্লাইটটি ১৪৮ জন যাত্রী নিয়ে নিরাপদে সিলেটে অবতরণ করে। পরে প্রয়োজনীয় কার্যক্রম শেষে দুপুর ২টা ৪৩ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বিষয়টি নিশ্চিত করেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ।

জানা যায়, শনিবার (১১ জুলাই) রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টি এবং রবিবার (১২ জুলাই) সকালে টানা বৃষ্টি ও আকাশ পরিচ্ছন্ন না থাকার কারণে ঢাকার আকাশে উড়োজাহাজের অবতরণ ও উড্ডয়নে জটিলতা তৈরি হয়। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে কয়েকটি ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়। পাশাপাশি অনেক ফ্লাইটের সময়সূচিও পুনর্নির্ধারণ করা হয়।

বিমানবন্দর সূত্র জানায়, বৈরী আবহাওয়ার কারণে রবিবার (১২ জুলাই)  ভোর থেকে অন্তত অর্ধশতাধিক আগমন ও প্রস্থান ফ্লাইট নির্ধারিত সময়ের তুলনায় বিলম্বিত হয়।

এর মধ্যে আবুধাবি থেকে ইতিহাদ এয়ারওয়েজ, শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়া, দুবাই থেকে এমিরেটস, ফ্লাইদুবাই ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট, মদিনা ও সৈয়দপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেদ্দা ও চট্টগ্রামগামী ফ্লাইট এবং কুয়ালালামপুর থেকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট দীর্ঘ সময় আকাশে অপেক্ষার পর ঢাকায় অবতরণ করে।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, ঢাকার প্রতিকূল আবহাওয়ার কারণে ইউএস-বাংলা এয়ারলাইন্সের আবুধাবি-ঢাকা রুটের বিএস-৩৪২ ফ্লাইটটি রবিবার বিকল্প হিসেবে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সকাল ১১টা ৩৫ মিনিটে ১৪৮ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে এবং প্রয়োজনীয় কার্যক্রম শেষে দুপুর ২টা ৪৩ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

তিনি আরও বলেন, রবিবার আবুধাবি থেকে এটিই একমাত্র আন্তর্জাতিক ফ্লাইট, যা বিকল্প হিসেবে সিলেটে অবতরণ করেছে। অন্য কোনো ফ্লাইট সিলেটে অবতরণ করবে কি না, তা সম্পূর্ণ সংশ্লিষ্ট বিমানবন্দরের পরিস্থিতি ও আবহাওয়ার ওপর নির্ভর করে। কোনো উড়োজাহাজ নির্ধারিত গন্তব্যে অবতরণ করতে না পারলে এবং সিলেটের আবহাওয়া অনুকূলে থাকলে সেটিকে বিকল্প হিসেবে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হতে পারে। আন্তর্জাতিক বিমান চলাচলে এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া।

হাফিজ আহমদ বলেন, একই প্রতিকূল আবহাওয়ার কারণে চীনের গুয়াংজু থেকে ঢাকাগামী চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইটকে ভারতের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে। তবে অন্য বিমানবন্দরের কার্যক্রম বা ফ্লাইট পরিচালনা নিয়ে মন্তব্য করা সমীচীন নয়।

এসএ/সিলেট