সিলেটে নানা আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ তৈরির পাশাপাশি অবকাঠামো ও জ্বালানি সুবিধা নিশ্চিত করতে হবে : জেলা প্রশাসক

post-title

ছবি : সংগৃহীত

‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে নানা আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, উৎপাদনশীলতার মূল বিষয় হলো কম খরচে অধিক উৎপাদন বা আউটপুট নিশ্চিত করা। এ জন্য ব্যবসা- বাণিজ্যের অনুকূল পরিবেশ তৈরির পাশাপাশি অবকাঠামো ও জ্বালানি সুবিধা নিশ্চিত করতে হবে। বিদেশি বিনিয়োগকারী এবং আমদানি- রপ্তানিকারক ব্যবসায়ীদের কাজের সুযোগ সৃষ্টি করে সহজ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সিলেটের চা বাগান সম্পর্কে তিনি বলেন, বাগানগুলোকে আরও গতিশীল ও উৎপাদনমুখী করতে জেলা প্রশাসনের উদ্যোগে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি চা বাগানগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় প্রতিবেদন দেবে। পাশাপাশি চা বাগানে সৌরবিদ্যুৎ স্থাপনের সম্ভাবনা যাচাইয়ে আরও ছয়টি কমিটি কাজ করছে। সমস্যা চিহ্নিত হওয়ার পর তা সমাধানে জেলা প্রশাসন প্রয়োজনীয় উদ্যোগ নেবে। এসময় তিনি জানান, ট্রেড লাইসেন্স প্রাপ্তি এবং জয়েন্ট স্টক থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করার জন্য কাজ চলছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানার সঞ্চালনায় সভায় সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক এজাজ আহমদ চৌধুরী, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক হিজকিল গুলজার, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল এবং ফুলকলি ফুডের উপমহাব্যবস্থাপক জসীম উদ্দিন বিশেষ অতিথির বক্তব্য দেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), সিলেটের উপমহাব্যবস্থাপক সোহেল হাওলাদার। এ সময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আহমেদ লুনাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




এসএ/সিলেট