পাল্টা সংবাদ সম্মেলনে কনর মিয়ার দাবি

বালাগঞ্জে জমি-দোকানকোঠা নিয়ে রহিমার অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত

post-title

ছবি সংগৃহীত

সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের কলুমা গ্রামে জমি ও দোকানকোঠা নিয়ে বিরোধকে কেন্দ্র করে গত ২৯ জুলাই সিলেট প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রহিমা বেগমের আনা অভিযোগকে ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন মো. কনর মিয়া।

সোমবার (৩ আগস্ট) সিলেট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কনর মিয়া বলেন, তিনি কলুমা গ্রামের মরহুম আব্দুল গফুরের ছেলে। তাঁর ছোট ভাই যুক্তরাজ্যপ্রবাসী কমিউনিটি নেতা লিটন আহমদ রফু কলুমা গ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘আব্দুল গফুর একাডেমি অ্যান্ড হাইস্কুল’-এর প্রতিষ্ঠাতা পরিচালক এবং দেওয়ানবাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক। দলমত নির্বিশেষে এলাকায় তাদের পরিবারের সুনাম ও গ্রহণযোগ্যতা রয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি অভিযোগ করেন, গত ২৯ জুলাই রহিমা বেগম সংবাদ সম্মেলনে তাদের পরিবার সম্পর্কে মিথ্যা, কাল্পনিক ও ভিত্তিহীন অভিযোগ এনে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করেছেন।
কনর মিয়া দাবি করেন, রহিমা বেগম যে জমি ও দোকানকোঠার মালিকানা দাবি করেছেন, তা সঠিক নয়। একই সঙ্গে স্থানীয় চেয়ারম্যান নজমুল আলম নজম, ৪ নম্বর ওয়ার্ডের সদস্য শামিম আহমদ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে অনুষ্ঠিত সালিশে তারা উপস্থিত হননি এ অভিযোগও মিথ্যা। তাঁর দাবি, প্রকৃতপক্ষে রহিমা বেগম, ইলিয়াছ, এনামুল হক ও তাদের পক্ষের লোকজনই সালিশে উপস্থিত না হওয়ায় বিচার প্রক্রিয়া ব্যর্থ হয়।

তিনি আরও বলেন, এ বিরোধকে কেন্দ্র করে তাদের সঙ্গে রহিমা বেগমের কোনো মারামারির ঘটনা ঘটেনি। সংবাদ সম্মেলনে যে ভিডিও প্রদর্শন করা হয়েছে, সেটি এই ঘটনার নয়; বরং অন্য একটি পক্ষের সঙ্গে পূর্বের বিরোধের ভিডিও, যা স্থানীয়ভাবে অনেক আগেই মীমাংসা হয়েছে। ওই ভিডিও ব্যবহার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে কনর মিয়া জানান, বিলকিছ বেগম ও তার সহযোগীরা বিরোধপূর্ণ সম্পত্তিতে প্রবেশের চেষ্টা করলে শান্তিশৃঙ্খলা রক্ষার স্বার্থে তারা ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার বিধান অনুযায়ী বালাগঞ্জ বিবিধ মামলা নং-২৩/২৬ দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন।

এছাড়া জমি সংক্রান্ত জালিয়াতির অভিযোগে বিলকিছ বেগম, ইলিয়াছ, এনামুল হক, আক্তার আহমদ ও রহিমা বেগমের বিরুদ্ধে  বালাগঞ্জ সি.আর. মামলা নং-৩০/২৬ দায়ের করা হয়েছে বলেও তিনি জানান। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।

কনর মিয়ার দাবি, চলমান মামলাগুলো থেকে রেহাই পেতে এবং বিরোধপূর্ণ সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে রহিমা বেগম ও তার স্বজনরা তাদের পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তিনি এসব অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, রহিমা বেগম তার বক্তব্য প্রত্যাহার না করলে তাদের বিরুদ্ধে মানহানির মামলা করা হবে।

উল্লেখ্য, গত ২৯ জুলাই সিলেট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রহিমা বেগম একই পরিবারের সদস্য কনর মিয়া, চুনু মিয়া, লিটন আহমদ রফুসহ কয়েকজনের বিরুদ্ধে জমি ও দোকানকোঠা দখলের চেষ্টা, অস্ত্রের ভয় দেখানো এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেছিলেন।

এসএ/সিলেট